পার্বত্য চট্টগ্রামে আরো ১ হাজার ২৮০টি পাড়াকেন্দ্র স্থাপন করা হবে-সংসদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী
সরকার ইউনিসেফের সহায়তায় পার্বত্য চট্টগ্রাম সমাজ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ওই এলাকায় ১৮৮ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে আরও ১ হাজার ২৮০টি পাড়াকেন্দ্রে স্থাপন করবে। এ জন্যে একটি সংশোধিত ছক পরিকল্পনা মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে।
বিএনপির এসএ সুলতানের এক প্রশ্নের জবাবে সোমবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান সংসদে একথা জানান।
উপমন্ত্রী জানান, ইতোমধ্যেই প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ে তিন পার্বত্য জেলার ২৫টি উপজেলার ১১০টি ইউনিয়নের এক হাজার ৮৩৯টি গ্রামে বহুমুখী ব্যবহার উপযোগী ২ হাজার ২২০টি পাড়াকেন্দ্র স্থাপন করা হয়েছে।
এর মাধ্যমে ওইসব এলাকার ৬৮ হাজার পরিবারের জন্যে স্বাস্থ্য, পুষ্টি ও পয়ঃব্যবস্থা উন্নয়ন এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরও জানান, ওই এলাকায় প্রকল্পটির মাধ্যমে ৬০ হাজার শিশুকে প্রাক- প্রাথমিক শিক্ষা দেওয়া হয়েছে। চারটি আবাসিক বিদ্যালয়ে ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাদান করা হচ্ছে।
এ ছাড়াও ৩৪৫টি নলকূপ ও ৭ হাজার ৫০০ সেট ল্যাট্রিন স্থাপন করা হয়েছে।
