২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার ইস্যুতে মান্নান ভুঁইয়াকে জলিলের ফিরতি চিঠি: প্রস্তাবিত নাম প্রত্যাখান

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল, এমপি মঙ্গলবার বিকালে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে ফিরতি জবাবি চিঠি দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 04:49 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কারের ইস্যুতে আলোচনার জন্যে মান্নান ভূঁইয়া এর আগের চিঠিতে একটি কমিটি গঠনে  যে সব নাম প্রস্তাব করেন, জবাবি চিঠিতে আব্দুল জলিল সে সব নাম প্রত্যাখান করেন। তবে তিনি এ চিঠিতে সরকারের কাছে নতুন করে নাম চাননি।

জলিলের মতিঝিলের বাণিজ্যিক অফিস থেকে চিঠিটি অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, বিএম মোাজম্মেল হক এবং এসএম কামাল হোসেন মান্নান ভূঁইয়ার বেইলী রোডের মন্ত্রী পাড়ার বাসায় নিয়ে যান।

বিএনপি মহাসচিবের ২৮ এপ্রিল দেওয়া চিঠির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতির প্রত্যাশা অনুযায়ী প্রস্তাবিত কমিটি দ্রুত আলোচনায় বসবে। কিন্তু প্রস্তাবিত কমিটিতে আপনারা যে নামের তালিকা পাঠিয়েছেন, তা জাতির প্রত্যাশাকে ধুলিস্যাৎ করেছে।

তিনি বলেন, আপনারা আলোচনার জন্যে প্রস্তাবিত কমিটিতে স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার সাথে সর্ম্পক্ত ব্যক্তিদের অর্ন্তভূক্ত করেছেন; যা নীতিগতভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।

আব্দুল জলিল বলেন, এ অবস্থায় এ ধরণের কোনো কমিটিতে কোনো ফলপ্রসু আলাচনা হবে না। বরং তা কালক্ষেপন ঘটাবে এবং সৃষ্টি করবে অনাবশ্যক বিতর্ক ও তিক্ততা।

তিনি চিঠিতে আরো বলেন, দুঃখের বিষয় আমরা লক্ষ্য করলাম, আলোচনায় বসার পরিবেশ সৃষ্টির জন্যে যে অনুরোধ আমাদের পক্ষ থেকে করা হয়েছিলো, আপনারা তা গ্রহণ করলেন না। এ থেকে এটাই প্রতীয়মান হয়, আপনারা সলাপে বসতে আগ্রহী নন; কেবল কালক্ষেপন করাই আপনাদের উদ্দেশ্য।

এর আগে ১৬ এপ্রিল আওয়ামী লীগ প্রস্তাবিত কমিটিতে তাদের পক্ষে আব্দুল জলিল, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফরুল্লাহ ও শেখ সেলিম -- এই পাঁচজনের নাম প্রস্তাব করে। ১৪ দল এই নাম প্রস্তাব পাঠানোর জন্যে আওয়ামী লীগকে এককভাবে দায়িত্ব দেয়।

 অন্যদিকে চার দলের পক্ষ থেকে বিএনপি ২৮ এপ্রিল তাদের কমিটিতে যে পাঁচজনকে অন্তর্ভূক্ত করার নাম প্রস্তাব করে, তারা হচ্ছেন: বিএনপির ড. খন্দাকর মোশাররফ হোসেন, খন্দকার দেলোয়ার  হোসেন, জামায়াতের আলী আহসান মুজাহিদ,  ইসলামী ঐক্য জোটের মওলানা ফজলুল হক আমীনী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সাইফুুর রহমান।