ওয়াক আউটের পর বিরোধী দলের উপনেতা প্রেস ব্রিফিং: স্পিকার পক্ষপাতদুষ্ট
আবারও স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ রোববার সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করেছে।
ওয়াক আউটের পর দলের উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ এক প্রেস ব্রিফিংয়ে স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, সরাসরি সরকারের পক্ষ নিয়ে স্পিকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি একটি নিরপেক্ষ চেয়ারে বসে সরকারের পক্ষপাতিত্ব করে ওই চেয়ারের ভাবমূর্তি নষ্ট করেছেন।
তিনি আরও বলেন, সরকারের সঙ্গে সঙ্গে স্পিকারও সংসদকে অকার্যকর করার পরিকল্পনা করছেন। সংসদে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, সে থেকে রক্ষা পাওয়ার জন্যে সরকারকে তুষ্ট করে স্পিকার সংসদ চালাচ্ছেন। এরকম পক্ষপাতদুষ্ট স্পিকার দিয়ে কখনো সংসদ কার্যকর হতে পারেনা।
আ’লীগ দলীয় সাংসদ সুরঞ্জিত সেন গুপ্ত, মোহাম্মদ নাসিম, আব্দুর রাজ্জাক ও শেখ ফজলুল করিম সেলিমের বক্তব্য এক্সপাঞ্জ করায় আব্দুল হামিদ স্পিকারের কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, এ চারজনের কেউই এক্সপাঞ্জ করার মতো বক্তব্য দেননি। তারা সম্পূর্ণ সংসদীয় ও সত্য কথা বলেছেন। অথচ সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনার সঙ্গে সঙ্গেই স্পিকার তা এক্সপাঞ্জ করেন।
