২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি’র জিয়া ও সুর্যসেন হল ছাত্রদলের সংঘর্ষে কারণ দর্শাও নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূর্যসেন ও জিয়াউর রহমান হল ছাত্রদলের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘাতের জের ধরে অভিযুক্ত চার নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদল কমিটির কারণ দর্শাও নোটিশের রোববার জবাব দিয়েছেন দুই নেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 08:17 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

শনিবার রাতেই এক জরুরী বৈঠকে সূর্যসেন হলের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার এবং জিয়াউর রহমান হলের সভাপতি আলমগীর হাসান সোহান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন ইমনকে শোকজ করা হয়।

নোটিশে তাদেরকে ঘটনার বিবরণ ও কারণ দর্শিয়ে চিঠি প্রদান করতে বলা হয়।

সূত্র জানায়, পরিস্থিতির প্রেক্ষিতে রোববার দুপুর দু’টায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটি ও সকল হল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সূর্যসেন হলের সভাপতি রেজাউল করিম রেজা এবং সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার শোকজের লিখিত বক্তব্য দেন। তবে, জিয়াউর রহমান হলের সভাপতি ও সাধারণ সম্পাদক এখনও লিখিত বক্তব্য প্রদান করেনি। 

এদিতে ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রক্টর আকা ফিরোজ বিডিনিউজকে বলেন, দু’দিনের মধ্যে কোন রিপোর্ট দেওয়া যাবে কিনা তা রোববার এবং সোমবারের বৈঠকের পর বোঝা যাবে। 

পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে রোববারও ক্যাম্পাসে দু’হলের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকে। 

ক্লাশ করা না করা নিয়ে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হল ও জিয়াউর রহমান হল ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শনিবার কমপক্ষে ২০ জন ছাত্র আহত হয়।