১৪ দলের চিঠির খসড়া চূড়ান্ত, দু’য়েক দিনের মধ্যেই পাঠানো হবে
আওয়ামী লীগসহ ১৪ দল সংস্কার ইস্যুতে বিএনপির দেওয়া চতুর্থ চিঠির জবাবের খসড়া প্রস্তুত করেছে। আগামী দু’য়েক দিনের মধ্যেই তা বিএনপির কাছে পাঠানো হবে।
মুক্তিযুদ্ধ বিরোধী ও সাম্প্রদায়িক জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে ১৪ দল আলোচনায় বসবে না মর্মে চিঠিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে।
শনিবার রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের গুলশানের বাসভবনে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে চিঠির খসড়া চূড়ান্ত করা হয়।
বৈঠকে গত শুক্রবার নগরীর ডেমরা এলাকায় বিদ্যুত, পানি ও গ্যাসের দাবিতে আন্দোলনরত জনতার ওপর পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলাসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সারাদেশে বিদ্যুত, পানি, গ্যাস ও জ্বালানি সংকট এবং দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতিতে সভা থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
সভার মাঝখানে এক প্রেস ব্রিফিংয়ে আব্দুল জলিল বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ জোট সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই। তিনি অবিলম্বে সরকারের পদত্যাগ এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবি জানান।
সভার এক সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন কর্তৃক খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে পূর্বঘোষিত আগামী ১০ মে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচির সঙ্গে বিদ্যুতসহ বিভিন্ন সংকট এবং দ্রব্যমূল্য ইস্যুও অন্তর্ভুক্ত করা হয়।
সংস্কার প্রস্তাব বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যুতে আগামী ৫ জুনের ঢাকা অবরোধ এবং ১০ মে’র বিক্ষোভ কর্মসূচি সফল করে সরকার বিরোধী চলমান আন্দোলন এগিয়ে নেয়ার জন্যে সভা থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ’র শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
