ডেমরায় বিক্ষোভ সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিরোধের বহিঃপ্রকাশ: হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎ ও পানির দাবিতে ডেমরার শনির আখড়ায় জনতার স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, বিএনপি--জামায়াত জোট সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিরোধের বহিঃপ্রকাশ।
শেখ হাসিনা শনিবার এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি বলেন, সরকারের দায়িত্ব যখন জনজীবনের সমস্যার সমাধান করা, তখন বিএনপি--জামায়াত জোটের সাড়ে চার বছরের শাসনের ফলাফল হচ্ছে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও ডিজেল সংকট। প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে; বাড়ছে বেকারত্ব। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জোট সরকারের দুর্নীতি, দলীয়করণ ও সন্ত্রাস।
তিনি আরো বলেন, আপাদমস্তক দুর্নীতিবাজ এ সরকারের ব্যবসায়ী মন্ত্রী ও হাওয়া ভবনের সিন্ডিকেটের কারণে বিদ্যুৎ, পানি ও জ্বালানিসহ প্রতিটি খাত অকার্যকর হয়ে পড়েছে। সরকার পরিকল্পিতভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে মানুষের পকেট কাটছে।
বিবৃতিতে শেখ হাসিনা অবিলম্বে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংকটের সমাধান এবং জিনিসপত্রের দাম কমানোর দাবি জানান। একই সঙ্গে তিনি ‘জোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে’ গণআন্দোলন গড়ে তোলার জন্যেদেশবাসীর প্রতি আহ্বান জানান।
