ভোটার তালিকা প্রত্যাখান করে জোট সরকারের বিরুদ্ধে বিকল্পধারা, ঐক্যমঞ্চ ও তরিকত ফেডারেশনের লাগাতার কর্মসূচি
বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় ঐক্যমঞ্চ ও বাংলাদেশ তরিকত ফেডারেশন নির্বাচন কমিশন প্রকাশিত ভোটার তালিকা প্রত্যাখান করে নানা দাবীতে জোট সরকারের বিরুদ্ধে লংমার্চসহ লাগাতার কর্মসূচি গ্রহণ করেছে।
তিন দলের শীর্ষ নেতা সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, ড. কামাল হোসেন ও সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারীসহ অন্যান্য নেতৃবৃন্দ শুক্রবার গভীর রাত পর্যন্ত বৈঠক করে এসব কর্মসূচি নেন।
কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, ৮ মে বেলা ৩টায় ঢাকার মিরপুর আউটার স্টেডিয়ামে জনসভা, ১৩ মে সকাল ৮টায় ঢাকার মুক্তাঙ্গন থেকে সিলেট হযরত শাহজালাল (রাঃ) মাজার অভিমূখে লংমার্চ এবং ২২ মে ঢাকার হাইকোর্ট মাজার প্রাঙ্গনে মানববন্ধন। এছাড়া আগামী জুন মাসের মধ্যে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগীয় শহরের উদ্দেশে লংমার্চ ও ৬ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে জনসভার কর্মসূচি ঘোষণা করা হয়।
বৈঠককালে তিন দলের শীর্ষ নেতারা বলেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, বিএনপি--জামাত জোট আগামীতে ক্ষমতায় আসতে পারবে না। তারা নির্বাচন কমিশন প্রকাশিত ভোটার তালিকাকে ভূয়া আখ্যায়িত করে ভোটারতালিকা প্রত্যাখান করেন।
বৈঠকে ঢাকার ডেমরায় বিদ্যুত ও পানির দাবীতে আন্দোলনরত নিরীহ মানুষের ওপর পুলিশ ও বিএনপি ক্যাডার বাহিনীর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, বিকল্পধারা মহাসচিব মেজর (অবঃ) আব্দুল মান্নান, তরীকত ফেডারেশনের মহাসচিব আলহাজ মাওলানা জাকির হেসাইন, ঐক্যমঞ্চের কেন্দ্রীয় নেতা মোস্তফা মহসীন মন্টু, আব্দুর রউফ প্রমুখ।
