সিইসি আদালত অবমাননা করছেন: সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ ভোটার তালিকা প্রণয়ন ইস্যুতে হাইকোর্টের দেওয়া আদেশ লঙ্ঘন করে আদালত অবমাননা করছেন বলে বৃহস্পতিবার বিরোধী দলীয় আইনজীবিরা অভিযোগ করেছেন।
সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতি (এসসিবিএ)’র সাবেক সাধারণ সম্পাদক এম এনায়েতুর রহীম বলেন, “সিইসি এমএ আজিজ এবং বিএনপি-জামাত জোট সরকারের অনুগত সরকারি কর্মকর্তাদের রক্ষার জন্য সরকার আদালত অবমাননা আইন পাশ করেছে। এমএ আজিজ বিচার বিভাগে একটি ক্ষত চিহ্ন, কারণ তিনি জনগণের প্রতি নয়, হাওয়া ভবনের প্রতি দায়িত্বশীল।”
আদালত অবমাননা আইন পাসের প্রতিবাদে এবং সিইসির অপসারণ দাবীতে এসসিবিএ প্রাঙ্গনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি)’র সাপ্তাহিক মানব বন্ধন কর্মসূচী শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যদানকালে তিনি এ কথা বলেন।
এসএএসপি নেতা অ্যাডভোকেট রহীম আরো বলেন, যারা আদালত অবমাননা আইন পাশ করেছে, তারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবে।
জোট সরকারের পক্ষে কাজ করার অভিযোগে আইনজীবীরা অবিলম্বে বিচারপতি এমএ আজিজসহ অন্য নির্বাচন কমিশনারদের অপসারণ দাবি করেন।
এসএএসপি যুগ্ম আহবায়ক অ্যাড. সাহারা খাতুনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও অ্যাডভোকেট ওজায়ের ফারুক, এসএএসপি সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, ব্যারিস্টার রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, অ্যাডভোকেট শেখ আখতারুল ইসলাম, অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ চৌধুরী মানিক প্রমুখ।
