বিদ্যুৎ, পানি, সার, ডিজেল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার লংমার্চ
বিদ্যুৎ, পানি, সার, ডিজেল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় ঐক্যমঞ্চ, বিকল্পধারা বাংলাদেশ ও বাংলাদেশ তরিকত ফেডারেশন বৃহস্পতিবার ঢাকা থেকে শুরু করে রাজশাহীর গোদাগাড়ী পর্যন্ত লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বুধবার এক সংবাদ সম্মেলনে ওই কর্মসূচি ঘোষণা করা হয়।
বিকল্পধারা সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং জাতীয় ঐক্য মঞ্চের সভাপতি ড. কামাল হোসেন এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।
সংবাদ সম্মেলনে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, সন্ত্রাস, উগ্র সাম্প্রদায়িকতা, শ্রমিক ছাঁটাই, ক্রমবর্ধমান বেকারত্ব, দারিদ্র্য, মঙ্গা ও দুর্নীতি রোধে সরকার ব্যর্থ হয়েছে।
জাতির এই সংকট মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে জাতীয় ঐক্য মঞ্চ, বিকল্পধারা বাংলাদেশ ও বাংলাদেশ তরিকত ফেডারেশন যৌথভাবে দেশের ছয়টি বিভাগীয় শহরে লংমার্চ কর্মসূচি পালন করবে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকা থেকে শুরু করে টঙ্গি, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও নাটোর হয়ে রাজশাহীর গোদাগাড়ী পৌঁছে লংমার্চ শেষ হবে।
মেজর মান্নান লংমার্চ কর্মসূচি সফল করার জন্যে সকলের প্রতি আহবান জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঐক্যমঞ্চের সদস্য সচিব কমান্ডার আব্দুর রউফ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব আলহাজ্ব মাওলানা জাকির হোসাইন, গণফোরাম নেতা এবং সাবেক হুইপ আব্দুর রউফ প্রমুখ।
