বিএনপি-জামাত জোট ক্ষমতায় আসতে আদালতের রায় পর্যন্ত উপেক্ষা করেছে: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি--জামাত জোট ভোটার তালিকা বিষয়ে আদালতের রায় উপেক্ষা করে আবারো ক্ষমতায় আসার চক্রান্ত করছে। এ জন্যে তারা সারা দেশে আতঙ্ক সৃষ্টি করে চলেছে।
তিনি আরো বলেন, জোট সরকার আইন বা নিয়ম কানুন না মেনে গায়ের জোরে, মাস্তানি করে দেশ চালাতে চায়। ক্ষমতা দখল করে রাখতে চায়।
টঙ্গী পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আজমতউল্ল্যাহ খান ও কমিশনাররা তার সাথে দেখা করতে এলে শেখ হাসিনা একথা বলেন।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শেখ হাসিনা আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী করার জন্যে টঙ্গীবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
বিরোধী দলীয় নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন, টঙ্গীর মানুষ যেভাবে রায় দিয়ে জোট সরকারের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করেছে ঠিক সেভাবেই সারা দেশের মানুষ এই ‘অত্যাচারী, ব্যর্থ, জঙ্গি ও সন্ত্রাসী’ জোটের বিরুদ্ধে রায় দেবে।
শেখ হাসিনা নতুন ভোটার তালিকা প্রসঙ্গে বলেন, হাইকোর্টের রায় উপেক্ষা করে কোটি কোটি টাকা খরচে ভূয়া ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে। তালিকায় যাতে কারো নাম বাদ না পড়ে সেজন্যে তিনি সকলকে তালিকা দেখে নেওয়ার পরামর্শ দেন।
ভোটার তালিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তিনি আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানান।
দেশের সার্বিক অবস্থার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের মানুষ আজ অতিষ্ঠ। সিন্ডিকেট করে তারা সকল জিনিসের দাম বাড়িয়ে মুনাফা লুটছে। গরীবের রক্ত চুষছে আর মানুষের পকেট খালি করছে। এতে জনগণের সংসার চালানো কষ্টকর হয়ে পড়ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের জোয়ারে দেশের মানুষ আজ হাবুডুব খাচ্ছে, আর বলছে ‘এবার আমাদের ছেড়ে দাও আমরা বাঁচি।’
শেখ হাসিনা জোট দঃুশাসনের কবল থেকে দেশকে মুক্ত করতে সকল শ্রেণী ও পেশার মানুষ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
২৭ এপ্রিল অনুষ্ঠিত টঙ্গী পৌরসভার নির্বাচনে চেয়ারম্যান ছাড়াও ১৩টি কমিশনার পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হন।
বিজয়ী নেতৃবৃন্দ শেখ হাসিনাকে ফুলে তোড়া ও আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা উপহার দেন।
