দেশের মানুষের সেবা করার সুযোগ পেলে শ্রমিকদের ন্যুনতম মজুরি কার্যকর করবো : মে দিবসের সমাবেশে শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে দেশের মানুষের সেবা করার সুযোগ পেলে শ্রমিকদের ন্যুনতম মজুরি কার্যকর করবো। গার্মেন্টস শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করবো। দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখবো, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়।
মহান মে দিবস উপলক্ষে সোমবার ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় আউটার স্টেডিয়াম চত্বরে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জাতীয় শ্রমিক লীগ আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মতিন মাস্টার।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, য্গ্মু সম্পাদক ওবায়দুল কাদের, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট সাহারা খাতুন, মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুর রহমান, আখম জাহাঙ্গীর হোসেন, হাবিবুর রহমান সিরাজ, সাবেক সাংসদ একেএম রহমতউল্লাহ, মকবুল হোসেন, হাজী সেলিম, কামাল আহম্মেদ মজুমদার প্রমুখ।
শেখ হাসিনা বলেন, গোটা বিশ্বে যখন শ্রমিকদের অধিকার আদায় হচ্ছে, তখন বাংলাদেশে শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে। শ্রমিক ও কৃষকরা ধুঁকে ধুঁকে মরছে। পাঁচ হাজারের বেশি শিল্প কারখানা বন্ধ করে সরকার পাঁচ লাখেরও বেশি শ্রমিককে বেকার করেছে। কেউ ন্যায্য অধিকার আদায়ের দাবি করলে সরকার তাদের ওপর নির্যাতন চালাচ্ছে।
কানসাট হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার যখনই ক্ষমতায় আসে, তখনই কৃষক ও শ্রমিকদের ওপর হামলা ও হত্যা করা হয়। এটা তাদের চরিত্র। কানসাটে উৎপাদনের জন্য কৃষকরা বিদ্যুতের দাবি করায় সরকার ২০ জনকে হত্যা করেছে। সরকার আইনশৃঙ্খলার উন্নতির কথা বললেও কারওয়ান বাজারে মসজিদে ঢুকে শ্রমিক নেতা হানিফকে হত্যা করেছে। এর আগেও বগুড়ায় মসজিদে ঢুকে আরেক আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে।
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বলেন, মানুষের হাতে আজ কাজ নেই। তারা দিশেহারা। সরকার সিন্ডিকেটের মাধ্যমে নিত্য-প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে মানুষের পকেটের টাকা লুটপাট করছে। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঁচার করছে। বিধবা ভাতা ও এতিম ভাতা খেয়ে বড় হওয়া প্রধানমন্ত্রীর পরিবার এখন দেশের সবচেয়ে ধনী পরিবার।
তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে তারা কত টাকা চুরি ও বিদেশে পাঁচার করেছে, তার হিসাব নেবো ও জনগণের কাছে প্রকাশ করবো। প্রয়োজনের তাদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে সেই টাকা বের করে আনা হবে।
শেখ হাসিনা বলেন, আমরা পাঁচ বছরে দেশে সুশাসন প্রতিষ্ঠা করেছিলাম। তখন দেশে কোনো জিনিসের দাম বাড়েনি। কারণ এতে দেশের মানুষের দুর্ভোগ ও ভোগান্তি বাড়ে। আগামীতে ক্ষমতায় গেলে আবারো সব জিনিসের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হবে।
শেখ হাসিনা জনগণকে ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত ও নিজেদের ভোটের অধিকার রক্ষার আহ্বান জানিয়ে বলেন, সরকার বুঝতে পেরেছে তাদের অপকর্মের কারণে আগামীতে মানুষ আর তাদের ভোট দেবে না। তাই তারা নীল নকশার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তারা বিরোধী দলের নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার সংস্কার প্রস্তাব নিয়ে তালবাহানা শুরু করেছে। কিন্তু তাদের এ চেষ্টা সফল হতে দেওয়া হবে না।
তিনি বলেন, তারা জনগণের ভোটের অধিকার চুরি করতে চায়। সরকারের এ চেষ্টা প্রতিহত করতে জনগণকে প্রস্তুত থাকতে হবে। ১৮ বছরের বেশি বয়সী প্রতিটি মানুষকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে। নিজেদের ভোটের অধিকার নিজেদেরই রক্ষা করতে হবে।
জঙ্গি তৎপরতা প্রসঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জঙ্গিদের চাবি প্রধানমন্ত্রীর হাতে। তিনি চাইলে বোমা ফাটে, তিনি না চাইলে বন্ধ হয়। তারা আমাকে হত্যার জন্য গ্রেনেড ফাটিয়েছে। আল্লাহর রহমতে, জনগণের দোয়ায় আমি বেঁচে গেছি। আমার হারাবার কিছু নেই। তাদের আর দুঃশাসন চালাতে দেওয়া হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় চলমান আন্দোলনকে আরো জোরদার করতে হবে।
