২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের স্বপরিবারে হত্যার জন্যই সুপরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে: বি চৌধুরী

বিকল্প ধারা বাংলাদেশ (বিডিবি) এর সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী তার বাসায় রোববার ভোরের অগ্নিকা-ের ঘটনাকে তাকে স্বপরিবারে হত্যার সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 05:48 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

তিনি অভিযোগ করে বলেছেন, আমাদের স্বপরিবারে হত্যার জন্যেই সুপরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। রাজনৈতিক কারণেই এ আগুন লাগানো হয়। বিকল্প ধারা জন্মের পর থেকেই যারা বিভিন্নভাবে আঘাত করেছে, তারাই এ অগ্নিকা- ঘটিয়েছে।

রোববার বিকেলে তার গুলশান বারিধারার বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি ঘটনার তদন্তের জন্যে কর্মরত বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানান।

রোববার ভোর ৫টায় অগ্নিকা-ের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় তার পূত্র ও বিকল্প ধারার সাংগঠনিক সম্পাদক সাংসদ মাহী বি চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী ও জাতীয় ঐক্যমঞ্চের সমন্বয়ক আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

জনাকীর্ণ ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিকল্প ধারার জন্মের পর থেকেই সরকার বিভিন্নভাবে আমাদের ওপর হামলা করেছে। এরই অংশ হিসেবে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আমাদের স্বপরিবারে হত্যার জন্যে বাসার দ্বিতীয় তলার দুটি স্থানে ও নিচ তলার প্রবেশ মুখসহ বেশ কয়েকটি স্থানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যেনো আমরা কেউ বের হতে না পারি।

বি চৌধুরী বলেন, বিকল্প ধারা গঠনের পর থেকে বিভিন্ন সময়ে আমাদের চিঠি দিয়ে বাড়ি উড়িয়ে দেওয়া ও কেটে টুকরো টুকরো করার হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বরং সরকারই বারবার আমাদের ওপর আক্রমণ করে আসছে।

কুটনৈতিক জোনে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর বাসায় অগ্নিকা-ের দীর্ঘ ছয় ঘন্টা পর ওই জোনের উপ পুলিশ কমিশনার ঘটনাস্থলে যাওয়ায় এবং কোনো দায়িত্বশীল মন্ত্রী বা কর্মকর্তা সেখানে না যাওয়ায় সাংসদ মাহী বি চৌধুরী ক্ষোভ প্রকাশ করেন।

রোববার ভোর ৫টার দিকে দ্বিতীয় তলায় অবস্থিত বি চৌধুরী এবং তার ছেলে মাহী বি চৌধুরীর শয়নকক্ষে এবং দ্বিতীয় তলার ড্রয়িং রুমে একযোগে চারটি স্থানে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে।

এতে বাড়িটির কয়েকটি কক্ষের আসবাবপত্র, কাপড় চোপড়সহ নগদ টাকা পুড়ে যায়।