২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের আসন্ন কাউন্সিল নির্বাচনে ইসলাম বিরোধী বিএনপি অধিকাংশ আসন পেতে যাচ্ছে

বর্ণবাদী, ইসলামবিরোধী ও অভিবাসনবিরোধী বলে অধিক পরিচিত ব্রিটিশ ন্যাশনাল পার্টি (বিএনপি) যুক্তরাজ্যের আসন্ন কাউন্সিল নির্বাচনে অধিকাংশ আসন জিতবে বলে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 06:37 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

চলতি বছরের ৪ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৭৭টি আসনের জন্যে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বাধীন  লেবার, বিএনপি, রিস্পেক্ট, লিবারেল ডেমোক্র্যাটস ও কনজারভেটিভ পার্টি লড়াই করবে।

ফ্যাসিবাদবিরোধী গ্রুপ সার্চলাইটের বিশ্লেষণ মতে, বিএনপির এখন ২০টি নির্বাচিত কাউন্সিলর ও চারটি প্যারিশ কাউন্সিলর রয়েছে। আসন্ন নির্বাচনে তাদের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭০টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

সার্চলাইটের গবেষণা বিষয়ক পরিচালক লোলেস বলেন, ২০০৫ সালের ৭ জুলাইয়ে লন্ডনের হামলা ও ডেনমার্কের পত্রিকায় কার্টুন বিতর্ককে কাজে লাগিয়ে বিএনপি তার মুসলিমবিরোধী ভূমিকা জোরদার করার চেষ্টা করছে। লেবার ও টরি সমর্থকদের যাদের মধ্যে ভ্রান্তি কাজ করছে বিএনপি তাদের ভোটও পাওয়ার চেষ্টা করছে বলে তিনি জানান।

এদিকে ব্রিটিশ এমপ্লয়মেন্ট মন্ত্রী মার্গারেট হজ সানডে টেলিগ্রাফ পত্রিকার সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, এই প্রথমবারের মতো শ্বেতাঙ্গ কর্মজীবীরা বিএনপিকে ভোট দেওয়ার কথা জানাতে লজ্জিত বোধ করছেন না। তিনি বলেন, এমন একটা সময় ছিল যখন বিএনপিকে ভোট দিতে শ্বেতাঙ্গরা লজ্জাবোধ করতো। কিন্তু এবার বিষয়টি সেরকম নয়।

মন্ত্রী জানান, পূর্ব লন্ডনে তার নিজের আসনের দশজন শ্বেতাঙ্গ কর্মজীবীদের মধ্যে আটজন ডানপন্থি এ রাজনৈতিক দলটিকে ভোট দিতে প্রলুব্ধ করা হচ্ছে।

শ্বেতাঙ্গদের মধ্যে গৃহায়নের অভাব, নিচু স্তরের অপরাধ হার বৃদ্ধি, সনাতনী শিল্পের পতনের পর শ্বেতাঙ্গ পুরুষদের মধ্যে সৃষ্টি হওয়া এক ধরনের পরিচয় বোধের অভাবসহ ক্রমবর্ধমান বিভিন্ন হতাশা বোধকে কাজে লাগিয়ে বিএনপি সুবিধা নেয়ার চেষ্টা করছে বলে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

এছাড়া সোমালিয়া, বাংলাদেশ, কসোভো, পোল্যান্ড, জ্যামাইকা ও অন্যান্য গরীব দেশ থেকে আগত ও ব্রিটেনে বসবাসরতদের আশ্রয় প্রার্থনার হার বৃদ্ধি পাওয়ার কারণেও শ্বেতাঙ্গদের মধ্যে হতাশা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।