২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জেএমবি’র শূরা সদস্য সালাউদ্দিনসহ গ্রেফতার ৬

চট্টগ্রামের কাট্টালীর সিডিএ আবাসিক এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র মজলিশ-ই-শূরা সদস্য সালাউদ্দিনসহ ছয়জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন এহছার সদস্য রয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 03:18 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

মঙ্গলবার সন্ধ্যায় র্যাব প্রথমে চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত বিভাগীয় কমা-ার মিজানুর রহমান শাওন ও তার স্ত্রীকে পার্টির নীতিনির্ধারণী বৈঠক চলাকালে র্যাব গ্রেফতার করে।

ঢাকার ডেমরা থেকে জেএমবি’র অন্য শীর্ষস্থানীয় নেতা খালেদ সাইফুল্লাহকে গ্রেফতারের জন্য সালাউদ্দিনকে গ্রেফতারের কথা র্যাব সদস্যরা গোপন রাখে।

র্যাব সদস্যরা আশা করছেন, এ গ্রেফতারের মধ্য দিয়ে চট্টগ্রামের নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতার শেষ হলো।

র্যাব সূত্র জানায়, গত রাতে ওই বৈঠকে তারা চট্টগ্রামে আবার সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল।

র্যাব- ৭ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কাট্টালীর একটি বাড়ি ঘিরে ফেলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাওন এবং তার স্ত্রী শাহেলা শান্তাকে গ্রেফতার করে।

শাওনের কাছ থেকে পাওয়া তথ্যে র্যাব জানতে পারে, মজলিস-ই-শূরা সদস্য সালাউদ্দিনের নতুন বোমা হামলার প্রয়োজনীয় অর্থসহ এ বৈঠকে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

জেএমবি’র তৃতীয় শীর্ষস্থানীয় নেতা সালাউদ্দিন সন্ধ্যায় ওই বাড়িতে আসে এবং দরজার কড়া নাড়লে পর্দার পাশে লুকিয়ে থাকা র্যাব সদস্যরা দরজা খুলে তাকে ভেতরে আসতে দেয়।

সাদা পোশাকধারী র্যাব সদস্যরা তাকে ৪০ হাজার টাকাসহ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র্যাব সূত্র জানায়, এ বৈঠকে আসা জেএমবি’র তিনজন এহছার সদস্যকেও র্যাব আটক করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, শাহআলম ওরফে আব্দুল্লাহ, আরমান ওরফে ফারুক এবং নুরুল আমিন ওরফে নাবিল।  জেএমবি’র চট্টগ্রামের বিভাগীয় প্রধান জাভেদ ইকবাল গ্রেফতার হওয়ার পর ওই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত শাওন সম্প্রতি বিয়ে করে স্ত্রীসহ পাহাড়তলী থানার কাট্টালীতে ভাড়া করা বাসায় বসবাস করছিল।

গ্রেফতারকৃত ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব- ৭ এর প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।