২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতিত সাংবাদিক ও পোলিও আক্রান্ত মেধাবী ছাত্রের পাশে শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার নগরীর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন নির্যাতিত সাংবাদিক ও পোলিও আক্রান্ত এক মেধাবী ছাত্রকে দেখতে যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 03:09 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং আজকের কাগজের ঢা.বি. রিপোর্টার মিনার বৈদ্য’র চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

মিনার বৈদ্যকে গত সপ্তাহে ছাত্রদলের ক্যাডাররা জগন্নাথ হলে অমানুষিক নির্যাতন চালিয়ে তিন তলা থেকে নিচে ফেলে 

দেয়। 

বৈদ্য তার ওপর বর্বরোচিত আক্রমণ এবং অত্যাচার নির্যাতনের কথা শেখ হাসিনার কাছে বর্ণনা করে।

পরে শেখ হাসিনা একই হাসপাতালে চিকিৎসাধীন এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শামীম হোসেনকে দেখতে যান। তিনি পোলিও আক্রান্ত ওই ছাত্রের চিকিৎসার খোঁজ খবর নেন।  শেখ হাসিনা তার পড়াশুনা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারেও খোঁজ নেন।

শেখ হাসিনাকে কাছে পেয়ে কৃতজ্ঞতায় কেঁদে ফেলে শামীম। সে ফার্মেসী বিভাগে পড়ার আগ্রহও প্রকাশ করে তার কাছে। 

সম্প্রতি ছাত্রলীগ আয়োজিত জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে নীলফামারির কিশোরগঞ্জের দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র শামীমের চিকিৎসা ও শিক্ষার যাবতীয় ব্যয়ভারের ঘোষণা দেন শেখ হাসিনা।

ট্রমা সেন্টারের চিকিৎসকরা জানিয়েছেন, শামীমের পোলিও আক্রান্ত বাম পায়ের অপারেশন হয়েছে। শিগগিরই আরও দু’টি অপারেশন হবে।

আওয়ামী লীগ নেতা কাজী জাফরুল্লাহ্ এমপি, ওবায়দুল কাদের ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা: রুহুল হক এসময় উপস্থিত ছিলেন।