শিল্প নগরী টঙ্গী পৌরসভার ভোটগ্রহণ বৃহস্পতিবার
শিল্প নগরী টঙ্গী মডেল পৌরসভার নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ কমিশনার পদে ৬৯ জন এবং চারটি সংরক্ষিত মহিলা আসনে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
সংরক্ষিত মহিলা আসনের একটি ওয়ার্ডে একমাত্র প্রার্থী রাখী সরকার মনোনয়ন পত্র দাখিল করায়, বেসরকারীভাবে তাকে কমিশনার ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং বর্তমান চেয়ারম্যান অ্যাড. রহমত উল্লাহ খান। মোমবাতি প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি দলীয় জোট থেকে চেয়ারম্যান পদে প্রদিদ্বন্দ্বিতা করছেন মো. হাফিজ উদ্দিন সরকার। তার নির্বাচনী প্রতীক বাইসাইকেল।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন আহসান উল্লাহ মাস্টার এমপি হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী নুরুল ইসলাম সরকার। তার নির্বাচনী প্রতীক ছাতা।
টঙ্গী পৌরসভার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৪’শ ১৪ জন। এরমধ্যে মহিলা ভোটার ৭২ হাজার ৪৬ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬৫ টি, যার মধ্যে ১৫ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।
