হাইকোর্টে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড কোম্পানির ৩ কর্মকর্তার আগাম জামিন মঞ্জুর
সরকারের দায়ের করা একটি মামলায় হাইকোর্ট সোমবার নাবিস্কো বিস্কুট ও ব্রেড কোম্পানির তিন উর্ধ্বতন কর্মকর্তাকে আগাম জামিন মঞ্জুর করেছেন।
অভিযুক্ত ওই তিন কর্মকর্তার একটি পিটিশনের শুনানি শেষে বিচারপতি এমএ রশীদ ও বিচারপতি মিজানুর রহমান ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ আবেদনকারীদের কেন স্থায়ী জামিন মঞ্জুর করা হবে না এই মর্মে কারণ দর্শানোর জন্যে সরকারের প্রতি রুল জারি করেন।
মামলার পুলিশ রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত ওই জামিন আদেশ বহাল থাকবে।
অভিযুক্ত তিন কর্মকর্তা নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক মোমিন আলী, জেনারেল ম্যানেজার (উৎপাদন) একেএম জিয়াউল হক এবং উপ - প্রধান (উৎপাদক) আব্দুল মোজ্জাফর গোলাম রহমান সোমবার হাইকোর্টে উপস্থিত হয়ে তাদের জামিন আবেদন জানায়।
ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড কোম্পানির ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ১৬ এপ্রিল ভেজাল বিরোধী অভিযান চলাকালে কোম্পানির তেজগাঁওস্থ কারখানায় ভ্রাম্যমান আদালতের সদস্যদের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগ আনা হয়।
সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে ১৬ এপ্রিল তেজগাঁও থানার এসআই আবেদনকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
ব্যারিস্টার এম আমির উল ইসলাম এবং অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন। অপরদিকে ডেপুটি অ্যাটর্নী জেনারেল (ডিএজি) মোখলেসুর রহমান সরকারপক্ষে জামিন আবেদনের বিরোধিতা করেন।
