ব্যাংককে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়, রোববার সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে টেলিফোনে যোগাযোগ করা হলে প্রতিমন্ত্রী জানান, এখন তিনি কিছুটা সুস্থ বোধ করছেন। শুক্রবার তার পায়ের ব্যান্ডেজ খোলা হয়েছে এবং নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে।
তবে কবে নাগাদ দেশে ফিরতে পারবেন, সে ব্যাপারে প্রতিমন্ত্রী কিছু জানাতে পারেননি। দ্রুত আরোগ্য লাভের জন্যে প্রতিমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
নেত্রকোণা থেকে ঢাকা ফেরার পথে ১৫ এপ্রিল প্রতিমন্ত্রী সড়ক দুর্ঘটনায় পতিত হন। উন্নত চিকিৎসার জন্যে তাকে ব্যাংকক নেয়া হলে সেখানে ১৮ এপ্রিল তার ডান পায়ে অস্ত্রোপচার করা হয়।
