১৪ দলের হরতালে পুলিশ পিকেটার সংঘর্ষে আহত শতাধিক, মার্কেটে আগুণ
আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে রোববার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল চলাকালে হরতাল সমর্থক ও পুলিশের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ এবং ধাওয়া -- পাল্টা ধাওয়া, লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছে।
পুলিশ রাজধানীর মহাখালী, পল্টন, বঙ্গবন্ধু এভিনিউ, জিরো পয়েন্ট, ধানম-ি এবং মিরপুরসহ বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক নেতা-কর্মীকে আটক করে। হরতাল চলাকালে নগরীতে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে।
পুলিশের ছোঁড়া টিয়ার শেল থেকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় ঘেঁষা কাঠ ও টিনের তৈরী জয় মার্কেট এবং বিপরিত দিকে রমনা ভবনের তৃতীয় তলায় আগুণ লেগে যায়।
বুধবার প্রধানমন্ত্রীর সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে সরকারের বাধাদান এবং গুলি, টিয়ার শেল নিক্ষেপসহ অত্যাচার, নির্যাতন, গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়।
চট্টগ্রামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের কারণে বন্দরনগরী ছিলো হরতালের আওতামুক্ত।
বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল পালনের মাত্র দু’ দিন পরেই বিরোধী দল আহূত এই হরতাল প্রতিরোধে নগরীতে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ প্রচুর সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
হরতালের সমর্থনে নগরীর যেখানেই মিছিল বের করা হয়, সেখানেই পুলিশ বাধা দেয়। পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ কর্মীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এই হরতাল পালনের মাত্র একদিন আগে পুলিশের পক্ষ থেকে ‘সিনিয়র নেতা ও মহিলাদের ওপর হামলা ও নির্যাতন করা হবে না’ বলে ঘোষণা দেওয়া হলেও রোববারের হরতালে এর ব্যত্যয় ঘটে। সংসদ সদস্য ও সিনিয়র নেতাদের সঙ্গে ধাক্কাধাক্কি ছাড়াও মহিলা কর্মীদের বেধড়ক পিটিয়েছে পুলিশ।
সকাল সাড়ে ১১ টায় আওয়ামী লীগ নেতা কর্মীরা বঙ্গবন্ধু এভিনিউয়ের পশ্চিম প্রান্তে কাঁটাতারের ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে। ব্যারিকেডের ভেতর থেকে বিক্ষুব্ধ কর্মীদের ইটপাটকেল নিক্ষেপ এবং বাইরে থেকে পুলিশের পাল্টা ইট ও টিয়ার শেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয়।
সংঘর্ষকালে পুলিশের বেপরোয়া টিয়ার শেল নিক্ষেপের সময় রমনা ভবন এবং জয় মার্কেটে আগুণ লেগে যায়। পরে দমকল বাহিনীর তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন, পুলিশের ছোঁড়া টিয়ার গ্যাসের শেল থেকে এই আগুনের সূত্রপাত হয়। যদিও পুলিশের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
অবশ্য প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনার পর ফায়ার ব্রিগেডের উপ পরিচালক উপস্থিত সাংবাদিকদের জানান, টিয়ার সেলের এমটি কার্টিজের ‘হিট’ থেকে এই আগুণের সূত্রপাত হতে পারে।
তিনি বলেন, টিয়ার শেল ছোঁড়ার পর তা খুবই উত্তপ্ত থাকে। এই উত্তপ্ত কার্টিজ কাপড়, কাগজ বা বিদ্যুতের তারের ওপর পড়ে এই অগ্নিকা-ের সূত্রপাত হওয়া অস্বাভাবিক নয়।
বরাবরের মতোই বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সকল প্রবেশ মুখ কাঁটা তারের ব্যারিকেড দেওয়া হয়। আওয়ামী লীগ নেতা-কর্মীরা পুলিশ ব্যারিকেডের ভেতর ও বাইরের রাস্তায় জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
সকাল সাতটার দিকে মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও পংকজ দেবনাথের নেতৃত্বে আওয়ামী লীগের একটি মিছিল তোপখানা রোড থেকে বঙ্গবন্ধু এভিনিউতে আসার চেষ্টা করলে পল্টন মোড়ে বাধা দেয় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে নেতা কর্মীদের বাক বিত-া এবং ধাক্কাধাক্কি হয়। বিক্ষুব্ধ কর্মীরা এখানে ২ টি মিনিবাস ভাংচুর করে।
এছাড়া বঙ্গবন্ধু এভিনিউ, জিরো পয়েন্ট, গুলিস্তান, মতিঝিল ও পল্টন এলাকায় বিরোধী নেতা কর্মীরা হরতালের সমর্থনে দফায় দফায় মিছিল করে।
এর আগে পুরানা পল্টন থেকে দিলীপ বড়–য়ার নেতৃত্বে সাম্যবাদি দলের একটি মিছিল বের হলে পুলিশ পল্টন ক্রসিংয়ে বাধা দেয়। পরে জিরো পয়েন্ট এলাকায় মিছিল থেকে কয়েকজন কর্মীকে আটক করে পুলিশ।
আওয়ামী লীগসহ ১৪ দলের নেতা কর্মীরা বঙ্গবন্ধু এভিনিউ’র বাইরে মুক্তিযোদ্ধা সংসদের বাইরের রাস্তায় দীর্ঘ সময় বসে বিক্ষোভ প্রদর্শন করে। এখানে ওমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, দিলীপ বড়–য়া, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দুপুর আড়াইটায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আখতারসহ কয়েকজন নেত্রী বঙ্গবন্ধু এভিনিউ’র কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হন। পীর ইয়ামেনী মার্কেটের সামনে থেকে রিক্সা নিয়ে এগুলে জিরো পয়েন্টে পুলিশ তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। নাজমা আখতার, শাহনাজ পারভীন, ইসরাত জাহান ও কোহিনূরকে রিক্সা থেকে টানা হেঁচড়া করে নামিয়ে লাঠিপেটা করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় পুলিশ।
সকালে মহাখালী ও গুলশান এলাকায় হরতাল সমর্থকদের সাথে পুলিশের বড় ধরনের সংঘর্ষ হয়। এখানে উভয় পক্ষের মধ্যে কয়েক দফায় প্রায় দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষকালে ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠিচার্জ ও ইটপাটকেল ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে।
তোফায়েল আহমেদ, ড. মহিউদ্দিন খান আলমগীর এবং মেজর জেনারেল (অবঃ) সুবেদ আলী ভূঁইয়াসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ একটি মিছিল বের করার চেষ্টা করলে মহাখালীতে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে।
হরতাল সমর্থকরা ওই এলাকায় প্রায় অর্ধশত গাড়ি ভাংচুর করে। পুলিশ এখান থেকে ১৭ জন নেতা-কর্মীকে তুলে নিয়ে যায়।
মিরপুর এলাকায় সকাল ৯টা থেকে প্রায় আধা ঘন্টাব্যাপী পুলিশ এবং আওয়ামী নেতা-কর্মীর মধ্যে ইটপাটকেল ছোঁড়াছুঁড়ি হয়। আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদার ও আলহাজ্ব মকবুল হোসেনের নেতৃত্বে মিরপুর-১০ গোলচক্কর এলাকায় বিরোধী দলের নেতাকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর চড়াও হয়। পুলিশের ধাওয়া ও লাঠিচার্জে ১০ জন আহত হয়। এই এলাকা থেকে পুলিশ ৭ জনকে তুলে নিয়ে যায়।
এছাড়া নগরীর ধানম-ি ও রাাসেল স্কোয়ার এলাকায় যুব মহিলা লীগ নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এখান থেকে পাঁচজন কর্মীকে আটক করে।
পরে রাসেল স্কোয়ারে অনুষ্ঠিত এক সমাবেশে আব্দুর রাজ্জাক এমপি, মোহাম্মদ নাসিম এমপিসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের নেতারা বক্তব্য রাখেন।
হরতাল চলাকালে রাজধানীর কয়েকটি রুটে স্বল্প সংখ্যক বাস চলাচল করে। তবে বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। স্কুল-কলেজ এবং ব্যবসা প্রতিষ্ঠান ছিলো বন্ধ।
বিডিনিউজের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষে ফটো সাংবাদিকসহ ২৫ জন আহত হয়।
