দেশব্যাপী হরতাল চলাকালে পুলিশের সাথে পিকেটারদের সাথে সংঘর্ষ, আহত ৫০
আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে রোববার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল চলাকালে হরতাল সমর্থক ও পুলিশের মধ্যকার সংঘর্ষ এবং ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
পুলিশ রাজধানীর মহাখালী, পল্টন ক্রসিং, বঙ্গবন্ধু এভিনিউ, জিরো পয়েন্ট এবং মিরপুরসহ বিভিন্ন স্থান থেকে হরতাল চলাকালে আওয়ামী লীগের ২৫ নেতা-কর্মীকে তুলে নিয়ে যায়।
হরতাল সমর্থকরা বঙ্গবন্ধু এভিনিউয়ের কাঁটাতারের বেড়া ভাঙ্গার চেষ্টা করলে পুলিশ তাদেরকে লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে।
রমনা ভবন এবং বঙ্গবন্ধু এভিনিউ’র জয় মার্কেটে আগুন ধরে যায়। আওয়ামী লীগের নেতা-কর্মীরা দাবি করেছেন, টিয়ার গ্যাসের শেল থেকে এই আগুনের সূত্রপাত হয়। পরে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, মহাখালীতে হরতাল সমর্থকদের সাথে পুলিশের বড় ধরনের সংঘর্ষ হয়। এখানে উভয়পক্ষের মধ্যে প্রায় দেড় ঘন্টাব্যাপী কয়েক দফায় ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে।
তোফায়েল আহমেদ, মহিউদ্দিন খান আলমগীর এবং মেজর জেনারেল (অবঃ) সাবিদ আলী ভূঁইয়াসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ একটি মিছিল বের করার চেষ্টা করলে মহাখালীতে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে।
এসময় হরতাল সমর্থকরা প্রায় শ’খানেক গাড়ি ভাংচুর করে। মহাখালীতে থেকে পুলিশ ১৭ জন নেতা-কর্মীকে তুলে নিয়ে যায়।
মিরপুর এলাকায় সকাল ৯টা থেকে প্রায় আধা ঘন্টাব্যাপী পুলিশ এবং আওয়ামী নেতা-কর্মীর মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। মিরপুর-১০ এ বিরোদী দলের নেতাকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের উপর চড়াও হয়। এতে তিনজন আহত হয়। এই এলাকা থেকে পুলিশ তিনজনকে তুলে নিয়ে যায়।
পুলিশ পল্টন ক্রসিং এবং জিরো পয়েন্ট থেকে আওয়ামী লীগ এবং সামন্তবাদী দলের সাতজন নেতা-কর্মীকে তুলে নেয়।
বুধবার প্রধানমন্ত্রীর সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে সরকারের বাধাদান এবং গুলি, টিয়ার শেল নিক্ষেপসহ অত্যাচার, নির্যাতন, গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়েছে।
বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠেয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের কারণে ১৪ দল চট্টগ্রামকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।
হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন রাস্তায় স্বল্প সংখ্যক বাস চলাচল করছে। তবে বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। স্কুল-কলেজ এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল পালনের মাত্র দু’ দিন পরেই বিরোধী দলগুলো এ হরতাল পালন করছে।
বিডিনিউজের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষে ফটো সাংবাদিকসহ ২৫ জন আহত হয়।
