২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে আহত ১৮

টাঙ্গাইলের ধনবাড়ীতে শনিবার বিকেলে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষে আট পুলিশ ও ১০ আওয়ামী লীগ কর্মী আহত হয়েছে। সংঘর্ষের সময় পুলিশের একটি রাইফেল ছিনতাই হয়েছে বলে জানা গেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 09:55 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

জানা গেছে, আওয়ামী লীগ ও যুবদল একই স্থানে একই সময়ে সমাবেশ আহ্বান করলে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও পার্শ্ববর্তী ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেন।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ১৪৪ ধারা ভঙ্গ করে ধনবাড়ী থানার মুসুদ্দী ইউনিয়নের পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে লাঠিসোটা নিয়ে আওয়ামী লীগ কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সমাবেশস্থলে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের হাবিলদার হাবিবুর রহমান মারাত্মক আহত হয় এবং তার রাইফেল ছিনতাই হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশ পিছু হটে।

পরে বিকেল সোয়া পাঁচটার দিকে আওয়ামী লীগ স্থানীয় এমপি ড. আব্দুর রাজ্জাক ভোলার নেতৃত্বে একটি মিছিল নিয়ে মাঠে প্রবেশ করে এবং সমাবেশ করে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লগি কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ সিদ্দিকী, অজয় কর খোকন ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলাম।