গত পনের বছরে দেশ থেকে সুশাসন ও প্রশাসন নির্বাসিত হয়েছে: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ শনিবার বলেছেন, গত পনের বছরে দুটি দলের শাসনে দেশ থেকে সুশাসন ও প্রশাসন নির্বাসিত হয়েছে।
সাবেক রাষ্ট্রপতি শনিবার বিকেলে রংপুরের পালিচড়া হাইস্কুল মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, দুটি দল সংঘাতের রাজনীতি চালু করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। এ অবস্থায় কোনও দেশ চলতে পারে না।
তিনি বলেন, বিপর্যস্ত দেশ ও জাতিকে মুক্তি দিতে জাতীয় পার্টি ছাড়া কোনও বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে জনগণ এদেশে নতুন ইতিহাস সৃষ্টি করবে।
সদ্যপুষ্করিনী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবেদ আলীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, জিএম কাদের এমপি, পার্টির মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার, পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব করিমউদ্দিন ভরসা এমপি ও কেন্দ্রীয় নেতা মশিউর রহমান রাঙ্গা এমপি।
