২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্টারদা সূর্যসেনের নামে ঢাকায় সড়ক হচ্ছে

ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা মাস্টারদা সূর্যসেন স্মরণে রাজধানীতে একটি সড়কের নামকরণের ঘোষণা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

তিনি নগরীর তোপখানা রোডে চট্টগ্রাম সমিতি মিলনায়তনে শনিবার যুব বিদ্রোহের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ ঘোষণা দেন।

ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি ও মাস্টারদা সূর্যসেন পরিষদ চারদিন ব্যাপি অনুষ্ঠানমালার শেষ দিনে এ আলোচনার আয়োজন করে। সমিতির সভাপতি আবু আলম চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক ফয়েজ আহমেদ, কামাল লোহানী, জাসদের (ইনু) মাইনুদ্দিন খান বাদল, গণফোরামের পংকজ ভট্টাচার্য, সিপিবির মোরশেদ আলী প্রমুখ।

আলোচকরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্যসেনের স্মরণে ঢাকায় একটি সড়কের নামকরণের দাবি জানান। এরই পরিপ্রেক্ষিতে মেয়র ওই ঘোষণা দেন।

আলোচকরা বলেন, মাস্টারদার প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন এখনো অনেক দূরাগত বিষয়। অথচ তার যুব বিদ্রোহের প্রেরণা থেকেই আমাদের মুক্তির সোপান রচিত হয়।

মেয়র খোকা বলেন, সূর্যসেন আমাদের জাতীয় জীবনের একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি কখনো নিজেকে কোনো একক এলাকার সন্তান হিসেবে ভাবেননি। তিনি বিট্রিশের সাথে লড়াই করে দেশ মাতৃকার মুক্তির চেষ্টা করেন।