২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার বাস্তবায়ন ও দেশকে দুঃশাসন মুক্ত করতে ঐক্যবদ্ধ প্রতিরোধ ও সংগ্রাম এগিয়ে নিন: দেশবাসীকে শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জনগণের ভোটাধিকার রক্ষায় সংস্কার প্রস্তাব বাস্তবায়ন এবং জোট দুঃশাসন থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

ঢাকায় শনিবার এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক মৌলবাদি অপশক্তিকে সঙ্গে নিয়ে দেশের অসাম্প্রদায়িক শক্তির ওপর আঘাত হানছে। সকল শ্রেণী পেশার মানুষের ওপর অকথ্য অত্যাচার নির্যাতন চালাচ্ছে তারা। গোটা দেশকে তারা লুটে পুটে খাচ্ছে। ওদের লাগামহীন দুর্নীতি ও লুটপাটের কারণে প্রতিটি ঘরে ঘরে আজ হাহাকার। অথচ প্রধানমন্ত্রী, তার পরিবার এবং চ্যালা চামু-ারা খেয়ে দেয়ে নাদুস নুদুস হচ্ছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না।

শেখ হাসিনা বলেন, জোট দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে। দেশের সকল শ্রেণী পেশার মুক্তিকামী মানুষকে এগিয়ে আসতে হবে। অত্যাচার নির্যাতন ও অপশাসনের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণ যেন ভোটাধিকার প্রয়োগ করে তাদের মনমতো সরকার গঠন করতে পারে, সে জন্যে মানুষকে সচেতন করে সংগ্রাম এগিয়ে নিতে হবে। 

আওয়ামী লীগ সভানেত্রীর ধানম-ির কার্যালয়ে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এই সভায় বিরোধী দলের নেতা কর্মী ও সাংবাদিক নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, বিএনপি জামাত জোট ভেবে রেখেছে, মানুষ হত্যা করে, অত্যাচার নির্যাতন চালিয়ে তারা তাদের চুরি ও লুটপাট অব্যাহত রাখবে। কিন্তু অত্যাচারি জোট নেতাদের মনে রাখা দরকার, দেশের মানুষ ও রাষ্ট্রের কতো টাকা লুট করেছে, তার হিসাব ওদের দিতে হবে।  

তিনি বলেন, ক্ষমতাসীন সরকার মৌলবাদি জঙ্গি সন্ত্রাসী সৃষ্টি, লালন ও ব্যবহার করছে। বাইরের চাপে পড়ে দু’য়েক জনকে ধরলেও পুরো নেটওয়ার্ক এখনও ধরা ছোঁয়ার বাইরে। তাই জাতিসংঘের বিশেষ তদন্ত দলকে দিয়ে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত করাতে হবে।  

দেশের সার্বিক অবস্থার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রী ও তার পরিবার কয়েকজন মন্ত্রী ও নেতার সমন্বয়ে সিন্ডিকেট করে প্রতিটি জিনিসের দাম বাড়াচ্ছে। মানুষের সংসার চালানো এখন দুঃসাধ্য হয়ে পড়েছে। অথচ সরকারের এ ব্যাপারে কোনো উদ্বেগ নেই।

তিনি বলেন, জোট সরকার দুর্নীতি ও লুটপাট করে দেশের অর্থ সম্পদ বিদেশে পাচার করছে। অন্যদিকে ৫ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নেয়া হয়েছে। মানুষের ওপর বিদেশি ঋণের বোঝা চাপানো হচ্ছে। অথচ দেশের জনগণের কোনো উন্নয়ন হচ্ছে না।

আওয়ামী লীগ সরকার আমলে টেক্সটাইলসহ অন্যান্য সেক্টরে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, জোট সরকার গত সাড়ে চার বছরে নতুন কোনো প্রকল্প গ্রহণ করতে পারেনি। বরং আমরা খাদ্য ঘাটতি পূরণ করে বাংলাদেশকে খাদ্য উদ্বৃত্বের দেশে পরিণত করেছিলাম। জোট সরকার সেখানে ৪০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ঘটিয়েছে। বিদ্যুত সেক্টরে কমিশন নিয়ে ভাগ বাটোয়ারা মেলেনি বলে এক মেগাওয়াটও বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি এই সরকার।

গত ৭ এপ্রিল অনুষ্ঠিত আইটিইটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ২৭টি পদের মধ্যে সভাপতি ও মহাসচিবসহ ১৬টি পদে জয়লাভ করে।

নবনির্বাচিত নেতৃবৃন্দের পক্ষে সভাপতি প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন ও মহাসচিব সফিকুর রহমান চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এসময় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি, ড. মহিউদ্দিন খান আলমগীর, ওবায়দুল কাদের, অধ্যাপিকা নাজমা রহমান ও ডা. দীপুমণি উপস্থিত ছিলেন।