দ্রব্যমূল্য, বিদ্যুত ও সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে নতুন আন্দোলন কর্মসূচি দিয়েছে আ.লীগ
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুত সমস্যা, সাংবাদিক ও বিরোধী দলের নেতা কর্মীদের ওপর অত্যাচার নির্যাতন এবং সংস্কার ইস্যুতে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ৩০ এপ্রিল বিদ্যুতের দাবিতে দেশের সকল জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ঢাকায় মিরপুরে শ্রমিক জনসভা এবং ৭ মে দ্রব্যমূল্য কমানোর দাবিতে জেলায় উপজেলায় বিক্ষোভ সমাবেশ।
মিরপুরের শ্রমিক জনসভায় শেখ হাসিনা বক্তব্য রাখবেন।
শনিবার আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের জরুরি সভায় এই কর্মসূচি নেওয়া হয়।
এছাড়া রোববার ১৪ দল আহূত দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি সফল করার ব্যাপারেও সভা থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
সরকার বিরোধী চলমান সংগ্রাম এগিয়ে নিতে রোববারের হরতালের পর জোটগতভাবে ‘ঢাকা অবরোধ’সহ বেশ কিছূ কঠোর আন্দোলন কর্মসূচি নিয়েও সভায় আলোচনা হয় বলে সভাসূত্র জানায়।
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ধানম-ি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক ও আর্থ সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব বাস্তবায়নসহ অন্যান্য ইস্যুতে সংসদে ও রাজপথে যুগপৎ আন্দোলন চালিয়ে যাবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হওয়া সভার মাঝখানে বেলা ১ টায় দলের যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক প্রেস ব্রিফিংয়ে সভার সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, সরকার সংস্কার প্রস্তাব বাস্তবায়নে আন্তরিক নয় বলে প্রধানমন্ত্রী একদিকে সংস্কারের বিরুদ্ধে কথা বলছেন। “অন্যদিকে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়া চিঠি পাঠিয়ে কালক্ষেপণ করছেন। গত এক সপ্তাহেও আওয়ামী লীগের চিঠির ব্যাপারে কোনো উত্তর দিতে পারেনি তারা।”
তিনি আরও বলেন: জঙ্গিবাদি শরিকদের নিয়ে সরকার দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। ক্ষমতাসীন জোটের মধ্যে কোনো শৃংখলা নেই এবং একে অপরের ওপর বিশ্বাস নেই।
শুক্রবার ঢাকায় বিএনপি’র সমাবেশে মান্নান ভুঁইয়াসহ সরকারি দলের নেতাদের বক্তব্য এবং সুধাসদনসহ বিরোধী দলের নেতাদের বাড়িতে হামলার হুমকির প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারি দল সুধাসদনে হামলা চালালে ৬ মইনুল হোসেন রোডের প্রধানমন্ত্রীর বাড়িও জনতার রুদ্ররোষ থেকে রেহাই পাবে না।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সভায় জোট সরকারকে নেপালের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, জনতার রুদ্ররোষে পড়ে নেপালে রাজতন্ত্রের পতন হয়েছে। জনতার অভ্যুত্থান ঘটলে ‘স্বৈরাচারি জোট’ও ক্ষমতায় টিকতে পারবে না।
