২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিআই’র কাছে বাংলাদেশের নাগরিক হস্তান্তর: দেশের সার্বভৌমত্ব বিসর্জন দেয়া হয়েছে: নিরাপত্তা বিশেষজ্ঞ

বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা শুক্রবার বলেছেন, সন্ত্রাসবাদের অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশের এক নাগরিককে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই’র কাছে হস্তান্তর করার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব বিসর্জন দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 09:09 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

ক্যাবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন) বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক এহসানুল ইসলাম সাদিকীকে (১৯) বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তারা সোমবার গ্রেপ্তার করে। পরে তাকে এফবিআই’র হাতে হস্তান্তর করা হয়। এফবিআই তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে গেছে। সেখানে তাকে কোন অভিযোগের মুখোমুখি হতে হবে তা নির্দিষ্ট করা যায় নি।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বন্দি অর্পণ চুক্তি নেই। আর তাই বন্দি অর্পণ সংক্রান্ত চুক্তি আইন আগে থেকে স্বাক্ষরিত না থাকলে এক দেশের নাগরিককে অন্য কোনো দেশের কাছে অর্পণ করা যাবে না।

সামরিক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শাখাওয়াত বিডিনিউজকে বলেন, তাকে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেয়ার পর এফবিআই তাকে বাংলাদেশ থেকে ধরে নিয়ে যেতে পারবে। সেক্ষেত্রে বন্দি অর্পণ চুক্তির প্রয়োজন হবে না বলে তিনি মতামত প্রদান করেন।

সামরিক বিশেষজ্ঞ শাখাওয়াত বলেন, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল তাকে ধরতে প্রজ্ঞাপন জারি করলে সেক্ষেত্রে এফবিআই তাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে।

তিনি বলেন, আমরা ইন্টারপোলের অংশ। আমরা সন্ত্রাসবিরোধী চুক্তি স্বাক্ষর করেছি। তাই কোনো আন্তর্জাতিক সন্ত্রাসীকে আমরা এফবিআইয়ের কাছে হস্তান্তর করতে পারি না।

তিনি আরো বলেন, সাদিকী আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত কিনা তা আমি জানি না। সে যদি বাংলাদেশের কোনো আইন ভঙ্গ করার অপরাধে অভিযুক্ত হয়ে থাকে তাহলে কর্তৃপক্ষকে না জানিয়ে দেশের কোনো গোয়েন্দা সংস্থা তাকে দেশের বাইরে নিয়ে যেতে পারবে না।

গ্রেপ্তারকৃত সাদিকের বোন শারমিন সাদিকী জানান, এহসানুলকে সোমবার রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে এফবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়। এফবিআই বৃহস্পতিবার তাকে বিমানে করে নিউইয়র্কে নিয়ে যায় বলে এফবিআই’র সূত্রের বরাত দিয়ে সিএনএন তার প্রতিবেদনে জানায়।

শারমিন সাদিকী জানান, তার ভাইয়ের সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। আর তাই তার গ্রেপ্তারের ঘটনায় তারা হতাশ হয়েছেন। তার ভাই আটলান্টাভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ‘রক্ষায়’ কাজ করেন বলে তিনি জানান।

যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসকারী শারমিন বলেন, আমরা মর্মাহত, ভীত ও উদ্বিগ্ন। তাকে কেন বাংলাদেশ সরকার ও এফবিআই গ্রেপ্তার করেছে তা আমরা এখনো জানি না।

এফবিআই’র বরাত দিয়ে সিএনএন জানায়, এর আগে এফবিআই পাকিস্তান বংশোদ্ভুত যুবক ও জর্জিয়া টেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহমেদকে সন্ত্রাসী তৎপরতায় সহযোগিতা প্রদানের অভিযোগে গ্রেপ্তার করে। তার কাছ থেকে তথ্য পেয়ে সাদিকীকে ১৭ এপ্রিল ঢাকার বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়। 

সাদিকীর পরিবারের এক সদস্য জানান, আটলান্টা মুসলিম সম্প্রদায়ের মাধ্যমে এহসান সাদিকী ও ওই পাকিস্তানি নাগরিক আহমেদ একে অপরকে চিনতো।

মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সূত্র বৃহস্পতিবার নিশ্চিত করে বলেছে, গত মাসে এফবিআইয়ের হাতে আহমেদের গ্রেপ্তারের সূত্র ধরে সাদিকীকে গ্রেপ্তার করা হয়েছে।