২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনার উদ্যোগের পাশাপাশি আন্দোলনও চলবে: ১৪ দলের সভায় সিদ্ধান্ত

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি আদায়ে ১৪ দল আলোচনার উদ্যোগের পাশাপাশি জোট সরকারের অপসারণের আন্দোলন চালিয়ে যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

শুক্রবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, মতিয়া চৌধুরী ও ওবায়দুল কাদের, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ও বিমল বিশ্বাস, জাসদের হাসানুল হক ইনু ও সৈয়দ জাফর সাজ্জাদ, সাম্যবাদী দলে দিলীপ বড়–য়া, গণতন্ত্রী পার্টির নুরুল ইসলাম, গণআজাদী লীগের আলহাজ আবদুস সামাদ এবং ন্যাপের জাকির হোসেন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তোফায়েল আহমেদ বলেছেন, সংলাপের মাধ্যমে সমস্যা নিরসন সম্ভব। সরকার সেটা না করে সংস্কার প্রস্তাবকে পাশ কাটিয়ে নির্বাচনকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। এর মাধ্যমে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, সঙ্কট নিরসন না হলে দেশ আরও গভীর সঙ্কটে নিপতিত হবে। তাই ১৪ দল আলোচনার উদ্যোগের পাশাপাশি সরকার পতনের চলমান আন্দোলনও অব্যাহত রাখবে।

তিনি বৃহস্পতিবারের হরতালে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর পুলিশের আক্রমণের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, এ ঘটনা অতীতের সকল সীমা অতিক্রম করেছে। সরকার পুলিশকে বিরোধী নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে প্রশাসনকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্যই এসব ঘটনা ঘটাচ্ছে।

তিনি অবিলম্বে সরকারের এসব কর্মকান্ড বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, তা না হলে পরিণাম হবে ভয়াবহ।