২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রীর সাক্ষাত

সফররত ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রী জয়রাম রমেশ শুক্রবার সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে তার বাস ভবন সুধাসদনে সাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 06:10 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

এসময় তারা দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য এবং আঞ্চলিক সন্ত্রাসবাদসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।   

দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক, ব্যবসায়ী ও অর্থনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা বৈঠকে বলেন, আলোচনার মাধ্যমে ধর্মীয় মৌলবাদী চরমপন্থী ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে আনা যায়।

ঘন্টাব্যাপী ওই বৈঠক শেষে রমেশ সাংবাদিকদের বলেন, বিরোধী দলীয় নেতার সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাত। ঢাকায় অনুষ্ঠিত সার্কের বাণিজ্য মন্ত্রীদের সভায় সাফটা’র অগ্রগতি সম্পর্কে তিনি শেখ হাসিনাকে অবহিত করেন।

সূত্র বিডিনিউজকে জানায়, সন্ত্রাসবাদ নির্মূলে দু’দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকা উচিত বলে সভায় একমত প্রকাশ করা হয়। 

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং  সাবেক বাণিজ্য ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ বৈঠক শেষে সাংবাদিকদের জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৈষম্য কি করে দূর করা যায় সে সম্পর্কে তারা বৈঠকে আলোচনা করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ ভারতের সঙ্গে দ্বি--পাক্ষিক এফটিএ’র বিরোধিতা করে না।

আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক এমপি, কাজী জাফরুল্লাহ্ এমপি, ওবায়দুল কাদের এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বীণা সিক্রী বৈঠকে উপস্থিত ছিলেন।