প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও: দফায় দফায় সংঘর্ষে আহত ১০০, ঢাকা অবরুদ্ধ
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে বুধবার রাজধানীর বাংলা মোটর ও ধানমন্ডি এলাকায় পুলিশ ও বিরোধী দলের কর্মী--সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১০০ জন আহত হয়েছে। এসময় ওই এলাকাগুলো কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়।
মিরপুর রোড ও বিমান বন্দর রোড রাজধানীর এ দুটি প্রধান সড়ক সকাল ১০টা থেকে প্রায় ছয়ঘন্টা বন্ধ করে দিলে রাজধানীর জনজীবন থমকে থাকে। ওই দুই সড়কের বিভিন্ন স্থানে পুলিশ কাটাতারের ব্যারিকেড স্থাপন করে।
মিরপুর রোডে শ্যামলী সিনেমা হলের সামনে এবং কলাবাগান খেলার মাঠের দক্ষিণে ব্যারিকেড দেয় পুলিশ। বিমান বন্দর সড়কের উত্তরে মহাখালী এবং দক্ষিণে বাংলা মোটর এলাকায় ব্যারিকেড দেয়। এছাড়া অন্যান্য বিভিন্ন সড়েেকও ব্যাপক সংখ্যক পুলিশি উপস্থিতি ও কাটতারের ব্যারিকেডের কারণে সড়কগুলো ছিল একেবারেই অবরুদ্ধ।
ঘেরাও কর্মসূচি চলাকালে রাজধানীতে কোনো যানবাহন চলাচল করেনি। এমনকি মানুষের চলাফেরাও ছিল একেবারেই কম।
ধানম-িতে বেলা পৌনে ১টার দিকে বিরোধী দলের কর্মীরা বিএনপি’র সাংসদ হারুনর রশিদ খান মুন্নুর বাসভবন (সড়ক ১৬, বাড়ি ৯) ভাংচুর করে। বাড়ির ভিতর থেকে পুলিশ বিরোধী দলের কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর পর বিক্ষুব্ধ কর্মীরা এ ভাংচুর চালায়।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাড়িটি লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে এ সময় ওই বাড়ির কয়েকটি জানালার কাঁচ ভেঙ্গে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মুন্নুর ব্যক্তিগত সহকারি ফরিদ আহমেদ বাড়ির ভিতর থেকে পুলিশের গুলি করার কথা অস্বীকার করেছেন।
ফরিদ বলেন, বিক্ষোভকারীরা কোনো কারণ ছাড়াই বাড়ির ভিতরে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাংচুর করে।
আন্দোলনকারীরা বেলা ১২টা ৩৫ মিনিটে সংসদের চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের জাতীয় পতাকাবাহী গাড়ি ভাংচুর করে।
ধানমন্ডি এলাকায় বেলা ১২টা ২০ মিনিটে পুলিশ বিরোধী নেতাকর্মীদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করলে ওই এলাকায় সংঘর্ষ শুরু হয়। এসময় তারা রাপা প্লাজার সামনে কাটাতারের ব্যারিকেডের সামনে বিক্ষোভ করছিল।
পুলিশ সেখানে ১০০ রাউন্ড রাবার বুলেট ও ১০০ টি টিয়ার শেল নিক্ষেপ করে। বিরোধী কর্মীরা হাতের কাছে যা পায় তা তুলেই পুলিশের দিকে ছুঁড়ে মারে। এসময় ধানমন্ডি আবাসিক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিরোধী কর্মীরা রাপা প্লাজার, সুইডেন বাংলাদেশ ইন্টার ন্যাশনাল স্কুল, জেনেটিক প্লাজা ও বেশ কয়েকটি দোকান ভাংচুর করে।
এর আগে ১৪ দলের নেতারা রাপা প্লাজার সামনে ট্রাকের ওপর সমাবেশ করেন।
এতে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক এমপি, মোহাম্মদ নাসিম এমপি, আবু সাঈদ, আব্দুল মতিন খসরু, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, ড. আব্দুর রাজ্জাক এমপি, মির্জা আব্দুল জলিল, জাসদ নেতা হাসানুল হক ইনু, ন্যাপ নেতা এনামুল হক এবং গণতন্ত্রী পার্টির নুরুল ইসলাম বক্তব্য রাখেন।
একই সময়ে বাংলামটর এলাকায় বিরোধী কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন।
বিরোধী কর্মীরা এসময় শাহবাগ ও ইস্কাটন এলাকায় তিনটি যানবাহন ভাংচুর করে। এছাড়া তারা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মত ঢিল ছুঁড়তে থাকে। এসময় পুলিশ বিক্ষোভকারীদের ঠেকাতে টিয়ার শেল নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে। এসময় ৪০ জন নেতাকর্মী আহত হয়।
আহতদের মধ্যে ১৫জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ স্থান থেকে পুলিশ পথচারিসহ বেশ কয়েকজনকে আটক করে।
মহাখালীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, বিক্ষোভকারীদের পাথর ছুঁড়ে মারা ও ধাওয়া--পাল্টাধাওয়ার কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সমাবেশ প্রায় শান্তিপূর্ণ ছিল। আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মহিউদ্দিন খান আলমগীর, ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা মহিউদ্দিন খান বাদল সেখানে আয়োজিত এক সমাবেশে যোগ দেন।
এছাড়া মীরপুর, জিগাতলা ও ফার্মগেট এলাকায়ও পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ করে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে এবং কানসাট হত্যাকা-, বিদ্যুৎ সঙ্কট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি নিয়ে সরকার ও ১৪ দল মুখোমুখি অবস্থান নেয়। এছাড়া মঙ্গলবার যুবলীগের যুবমহাসমাবেশের ভয়াবহ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হরতাল কর্মসূচি আরও চাঙ্গা হয়ে ওঠে।
১৪ দলের ঘেরাও কর্মসূচি বানচাল করতে পুলিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরে মঙ্গলবার মধ্যরাত থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য সমাবেশ, মিছিল কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ১৪ দল নিষেধাজ্ঞা উপেক্ষা করে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিলে সহিংস ঘটনার আশঙ্কা দেখা দেয় এবং পুলিশও মারমুখী অবস্থান নেয়।
ঘেরাও কর্মসূচিতে বিরোধী দল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচিসহ মহাখালী, ধানমন্ডি ২৭, আসাদ গেট এবং ফার্মগেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করার সিদ্ধান্ত নেয়।
এদিকে, কর্তৃপক্ষ বিরোধী দলের কর্মসূচি বানচাল করতে বিপুল সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মহিলা ও সাধারণ পোশাকধারী পুলিশ মোতায়েন ও জলকামান ব্যবহারসহ ব্যাপক শোডাউনের আয়োজন করে।
অ্যাম্বুলেন্স ও মিডিয়ার গাড়ি ছাড়া জনসাধারণ ও যানবাহন চলাচলের ওপর পুলিশের কঠোর নিয়ন্ত্রণের ফলে ঢাকা শহরতলী দৃশ্যত অবরুদ্ধ হয়ে পড়ে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার রাতে পুলিশ গণগ্রেফতার চালায়। এতে বিরোধী দলের নেতাকর্মীতে রাজধানীর থানাহাজত পরিপূর্ণ হয়ে যায় বলে পুলিশের একটি সূত্র জানায়।
বিরোধী দলের কর্মসূচিকে সামনে রেখে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র্যাব ও বিডিআরের প্রায় ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়।
