২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম যুব বিদ্রোহের ৭৫তম বার্ষিকীতে মুক্তিযুদ্ধ ও মাস্টারদার চেতনায় বিশ্বাসীদের মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান

চট্টগ্রাম যুব বিদ্রোহের ৭৫তম বার্ষিকী উপলক্ষে মাস্টারদা সূর্যসেন পরিষদের উদ্যোগে মঙ্গলবার থেকে ঢাকায় চারদিনব্যাপি অনুষ্ঠানমালা শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে যুব বিদ্রোহের অগ্রনায়ক মাস্টারদা সূর্যসেনের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক ফয়েজ আহমদ এটি উদ্বোধন করেন।

পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মাস্টারদার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, প্রবীণ সাংবাদিক কামাল লোহানী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছসহ বিভিন্ন সংগঠনের নেতারা এসময় পুস্পার্ঘ্য অর্পণ করেন।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ফয়েজ আহমদ বলেন, ১৯৩০ সালের ১৮ এপ্রিল মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে যুব বিদ্রোহীরা ব্রিটিশ শাসকদের পরাজিত করে চট্টগ্রাম অঞ্চলকে স্বাধীন করেছিল। এটি উপমহাদেশের স্বাধীনতার সোপান রচনা করে।

তিনি বলেন, সূর্যসেনের যুব বিদ্রোহের চেতনাকে ধারন করেই বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম গড়ে ওঠে। শেষ পর্যন্ত বাংলার মানুষ একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করে।

ফয়েজ আহমদ বলেন, স্বাধীনতার ৩৫ বছর পর দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশকে এ অবস্থা থেকে রক্ষায় মুক্তিযুদ্ধ ও মাস্টারদার চেতনায় বিশ্বাসীদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধভাবে দেশকে এ সংকট থেকে রক্ষা করতে হবে।

সমাবেশ থেকে মাস্টারদা সূর্যসেনের নামে ঢাকার একটি সড়কের নামকরণ এবং তার বিপ্লবগাথা বেতার ও টেলিভিশনে প্রচারের দাবি জানানো হয়।

পরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

পরিষদের চারদিনব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা, ২১ এপ্রিল শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও ২২ এপ্রিল আলোচনা সভা।