২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম রব্বানীর মামলা প্রত্যাহারে শর্ত মেনে নিয়েছে সরকার

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাতে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের (পিবিইউএসপি) নেতা গোলাম রব্বানীর সঙ্গে মোবাইল ফোনে সংলাপ শেষে এক সংবাদ সম্মেলনে জানান, সরকার মামলা প্রত্যাহার এবং ১৪৪ ধারা শিথিলের সিদ্ধান্ত নিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 11:44 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

এর আগে সরকার কানসাট থেকে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সে মোতাবেক শনিবার বিকেল সোয়া ৪টা থেকে কানসাট থেকে নিরাপত্তা বাহিনী প্রত্যাহার শুরু হয়।

বিমান প্রতিমন্ত্রীর নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট সরকারি কমিটি ও পিবিইউএসপি’র নেতা গোলাম রব্বানীর মধ্যে শনিবার দুপুরের পর থেকে মোবাইল ফোনে সংলাপ শুরু হয়।

সরকারগঠিত কমিটির অন্যান্য সদস্য হলেন - সরকারের গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবীর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র মিজানুর রহমান মিনু এবং চাঁপাইনবাবগঞ্জ - ২ আসনের বিএনপির সংসদ সদস্য সৈয়দ মনজুর হোসেন।

এদিকে কানসাট হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার স্থানীয় ১৪ দল নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জে সকাল--সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। শনিবার মাইকিং করে তারা হরতালের ঘোষণা দেন।