সংস্কার ইস্যুতে ১৪ দলের চিঠি প্রস্তুত, কমিটিতে ৫ জনের নাম দিয়ে রোববার মান্নান ভূঁইয়ার কাছে পাঠানো হবে
সংস্কার ইস্যুতে আলোচনা প্রসঙ্গে সরকারি দলের কাছে পাঠানোর জন্যে ১৪ দলের চিঠির খসড়া প্রস্তুত করা হয়েছে। আলোচনার জন্যে প্রস্তাবিত কমিটিতে ১৪ দলের পক্ষে আওয়ামী লীগের পাঁচ জন সিনিয়র নেতার নাম দিয়ে রোববার বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার কাছে এ চিঠি পাঠানো হবে।
তবে সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা পাঁচ জনের নাম চূড়ান্ত করবেন।
শনিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের লিয়াজোঁ কমিটির সভায় চিঠির খসড়া প্রস্তুত করা হয়। পরে তা শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে।
রোববার দুপুরে আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠেয় ১৪ দলের সভায় চিঠি অনুমোদন করে তা মান্নান ভূঁইয়ার কাছে পাঠানো হবে বলে সূত্র বিডিনিউজকে জানিয়েছে।
চিঠিতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ১৪ দলের অবস্থানের কথা পুনরুল্লেখ করে সরকারি দলের পক্ষে শুধু বিএনপির পাঁচ সদস্যের নাম দেওয়ার প্রস্তাব করা হবে।
এদিকে ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক জামায়াত দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংস্কার ইস্যুতে আলোচনার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ফলে চিঠি চালাচালি হলেও তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ইস্যুতে আলোচনার সম্ভাবনা এখনও অনিশ্চিয়তার মুখে।
