২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে তুরস্কের ব্যবসায়ী, বিনিয়োগকারীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

তুরস্ক সফরকারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া বৃহস্পতিবার বলেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক অর্থনৈতিক সম্প্রদায়ের অংশীদার হতে আগ্রহী। কেননা, বাংলাদেশ সফলভাবে আন্তর্জাতিক বিনিয়োগ মানচিত্রে প্রবেশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, বাংলাদেশে সরাসরি বিদেশী বিনিয়োগের (এফডিআই) প্রবাহ ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর মিশরের ওরাসকম, ভারতের টাটা গ্রুপ, সংযুক্ত আরব আমিরাতের ধাবী গ্রুপ, ফ্রান্সের লাফার্জি গ্রুপ এবং মালয়েশিয়ার টিএম ইন্টারন্যাশনালের মতো বৃহৎ টেলিযোগাযোগ ও অন্যান্য কোম্পানিগুলো ইতোমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করতে শুরু করেছে।

তুরস্কে দেশটির চেম্বার অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জ ইউনিয়ন আয়োজিত এক ব্যবসায়িক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব কোম্পানির মোট বিনিয়োগ পরবর্তী তিন বছরে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে বিভিন্ন বিদেশী কোম্পানির আগ্রহ এটাই প্রমাণ করে যে, বাংলাদেশ সফলভাবে আন্তর্জাতিক বিনিয়োগ মানচিত্রে প্রবেশ করেছে।

তিনি বলেন, সরকার অর্থনীতি উদারীকরণ করেছে। সরাসরি বিদেশী বিনিয়োগের জন্যে অধিকাংশ খাত উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের আকর্ষণীয় সুযোগ--সুবিধা দেওয়া হচ্ছে।

বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করার জন্যে প্রধানমন্ত্রী তুরস্কের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। তুরস্কের কয়েক ফার্ম বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে জড়িত থাকায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

খালেদা জিয়া বলেন, বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস, জুতা, সিরামিক, হস্তশিল্প, পাট ও পাটজাত দ্রব্য, চামড়াজাত দ্রব্য, হিমায়িত খাদ্য এবং কৃষিপণ্য আমদানি করার বিষয়টি তুরস্ক বিবেচনা করতে পারে। কেননা, বাংলাদেশ প্রতিযোগিতামূলক মূল্যে ভালো মানের পণ্য দিয়ে থাকে।

এর আগে প্রধানমন্ত্রী তুরস্কের জাতির পিতা কামাল আতার্তুকের সমাধিক্ষেত্রে পরিদর্শনে যান ও আধুনিক তুরস্কের জনকের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন ও সমাধিক্ষেত্রের পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।

সমাধিক্ষেত্রে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তুরস্ক সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোগান উপস্থিত ছিলেন।

তুরস্ক সশস্ত্র বাহিনী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।