২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেবিদ্বারে শীর্ষস্থানীয় সাংবাদিকদের উপর বিএনপি-যুবদল ক্যাডারদের সশস্ত্র হামলা

বিএনপি ও যুবদলের সশস্ত্র ক্যাডারররা বৃহস্পতিবার জেলার দেবিদ্বার প্রেসক্লাবে হামলা চালিয়ে পন্ড করে দিয়েছে ‘সাংবাদিক নির্যাতন’ বিরোধী সেমিনার।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

সরকারদলীয় সন্ত্রাসীরা দুপুর ১২টায় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালিয়ে সেমিনারে যোগ দেওয়া ঢাকার তিন শীর্ষ সম্পাদকসহ অন্যান্য সাংবাদিকদের হুমকি দিয়ে সেমিনার থেকে বের করে দেয় এবং সেমিনারের চেয়ার ও মাইক লুট করে নিয়ে যায়।

দেবিদ্বার উপজেলা বিএনপি ও যুবদল নেতা কাদের মাস্টার, বুদ্ধু পাঠান, শফিক প্রফেসর ও তাদের ক্যাডার কপাল কাটা আখতার, রিকশা জসিম, মফিজ, মিজান, সুমনসহ ২০-৩০ জন সন্ত্রাসী সেমিনার শুরু হওয়ার দুই মিনিটের মধ্যে হামলা চালায়।

আয়োজকরা অভিযোগ করেন যে, স্থানীয় বিএনপি দলীয় সংসদ সদস্য মনজুরুল আহসান মুন্সীর সন্ত্রাসী গ্রুপরা এই হামলা চালায়। সম্প্রতি আদালত অবমাননার দায়ে সাংসদ মনজুরুল আহসান মুন্সীকে স্থানীয় আদালত ছয় মাসের কারাদন্ডাদেশ দিয়েছে।

সন্ত্রাসী হামলার পর বিএসএস এর প্রধান সম্পাদক গাজীউল হাসান এবং দৈনিক আমাদের সময় এর সম্পাদক নাঈমুল ইসলাম খান সাংসদ মনজুরুল আহসান মুন্সীর সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি (সাংসদ) বলেন, অনুষ্ঠানটি আমাকে না জানিয়েই করা হয়েছিল।

“বলেন আপনারা আমাকে না বলে কেনো ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন,” সাংসদ দুই সম্পাদককে এভাবেই হামলা সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিকদের ওপর অব্যাহত হুমকি, হামলা-মামলা, হত্যা, নির্যাতনের বিরুদ্ধে দেবিদ্বারে প্রেসক্লাব এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে ঢাকার তিনজন শীর্ষস্থানীয় সম্পাদক --- বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর প্রধান সম্পাদক গাজীউল হাসান খান, দৈনিক আমাদের সময় এর সম্পাদক নাইমুল ইসলাম খান এবং বার্তা সংস্থা বিডিনিউজ এর সম্পাদক রাশেদ চৌধুরী ছাড়াও ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও আমাদের সময়ের বিশেষ সংবাদাতা সাইফুল ইসলাম তালুকদার, ইনকিলাবের সিটি এডিটর জাকারিয়া স্বপন, ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি একরামুল্লাহ হিল কাফি যোগদান করে।

সন্ত্রাসীরা সাংবাদিকদের তাদের আসন থেকে অস্ত্রের মুখে উঠিয়ে দেয় এবং দেবিদ্বারে প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশারকে হুমকি দেয়।

এর আগে দেবিদ্বার প্রেসক্লাব কমিটি সেমিনারের জন্য ‘উৎসব কমিউনিটি সেন্টার’ ভাড়া করে। কিন্তু যুবদলের একদল ক্যাডার বুধবার রাতে ওই কমিউনিটি সেন্টারে তালা ঝুলিয়ে দেয়। ফলে বাধ্য হয়ে বিকল্প হিসেবে প্রেসক্লাব চত্বরে সেমিনারের আয়োজন করা হয়।