প্রধানমন্ত্রীর ওপর শরিকদেরই আস্থা নেই: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, চার দলীয় জোটে প্রধানমন্ত্রীর অবস্থান এতোটাই দুর্বল যে শরিকরা বিএনপি’র ওপর আস্থা ও বিশ্বাস রাখতে পারে না।
“সেজন্যই প্রধানমন্ত্রী সংস্কার প্রস্তাব বাস্তবায়নে কালক্ষেপন করছেন,” তিনি বলেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র দ্বি - বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি আরো বলেন, সংস্কার ইস্যুতে ১৪ দলীয় জোটের শরিকরা আওয়ামী লীগের ওপর আস্থা রেখে আলোচনার জন্য আমাদের দায়িত্ব দিয়েছে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন: চার দলীয় জোটের শরিকরা আপনার ওপর বিশ্বাস রাখতে পারছে না। কারণ তারা জানে, আপনার দলকে দায়িত্ব দিলে আপনারা তাদের সঙ্গে ‘দু’ নম্বরি’ করবেন।
আওয়ামী লীগ প্রধান বলেন, বিএনপি জামাত জোট ভালো করেই জানে, জনগণের ভোটে ওরা আর ক্ষমতায় আসতে পারবে না। “তাই ভোটার তালিকা থেকে শুরু করে সবক্ষেত্রেই কারচুপির সকল প্রক্রিয়া সম্পন্ন করছে তারা। জোট সরকার এমন ব্যবস্থা করে রেখেছে, যেন অবাধ নির্বাচন অনুষ্ঠিত না হয়।”
তিনি বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হবে।
“অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। অবাধ নির্বাচন ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না,” তিনি বলেন
আওয়ামী লীগ সভানেত্রী সংস্কার বাস্তবায়নে চলমান সংগ্রাম আরও জোরদার করতে সবার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন: দেশের সেবা করতে আমরা যেন সরকার গঠন করতে পারি, সেজন্য মানুষ আমাদের ভোট দেবে -- জনগণের ওপর এই দৃঢ় আস্থা ও বিশ্বাস আমার আছে। কিন্তু জোট সরকারের ভোট কারচুপি বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে। বিএনপি জামাত জোটের ভোট চুরি ঠেকাতে হবে।
‘দেশকে সন্ত্রাসমুক্ত করেছি, আগামীতে ক্ষমতায় আসলে দুর্নীতিমুক্ত করবো’ -- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করে শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত জোট জঙ্গি সৃষ্টি করে বোমা ও গ্রেনেড হামলা চালিয়ে মানুষ মারছে। সাংবাদিক হত্যা করছে। কানসাটে বিদ্যুতের দাবিতে সংগ্রামরত ১৪ জন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। সারাদেশে তারা আতংক সৃষ্টি করেছে।
“যেখানে মানুষের জানমালের নিরাপত্তা নেই, সেখানে সন্ত্রাস দমন হয় কীভাবে?” তিনি প্রশ্ন রাখেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, দুর্নীতি করে আপনারা ‘ছাগলের টাকা’ও খেয়ে ফেলেছেন। “সাড়ে চার বছরে ভাঙ্গা স্যুটকেস ও ছেঁড়া গেঞ্জি থেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। আপনারা কীভাবে দুর্নীতি দূর করবেন?”
“ক্ষমতার বাকি ক’মাস তারা ব্যাপক হারে দুর্নীতি চালাবে, আগামীতে ক্ষমতায় এলে আরও দুর্নীতি করে জনগণকে শোষণ করবে” -- এই অভিযোগ করে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, কোন্ ম্যাজিকের বলে রাতারাতি হাজার হাজার কোটি টাকার মালিক হলেন, জনগণের কাছে তা বলতে হবে।
“এতো প্রাইভেট চ্যানেলের টাকা কোথায় পেলেন, তা আগে বলতে হবে। তারপর বলুন দুর্নীতি দমনের কথা,” তিনি বলেন।
বর্তমান সরকারের মার্কিন লবিষ্ট নিয়োগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দুর্নীতি ও সন্ত্রাস চালিয়ে, জঙ্গিবাদ সৃষ্টি ও লালন করে প্রধানমন্ত্রী স্বয়ং দেশের ভাবমূর্তি নষ্ট করছেন।
“জোটের অপকর্ম ও দু:শাসনের কারণে নষ্ট হওয়া ভাবমূর্তি উদ্ধারের জন্য জনগণের বিপুল পরিমাণ অর্থ খরচ করে ব্যাক্তিস্বার্থে লবিষ্ট নিয়োগ করা হয়েছে। জনগণের টাকা দিয়ে লবিষ্ট নিয়োগের ক্ষমতা দেশের মানুষ প্রধানমন্ত্রীকে দেয়নি,” তিনি বলেন।
আওয়ামী লীগ সরকার আমলে আমেরিকায় লবিষ্ট নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন: আমরা গার্মেন্টস শিল্পের উন্নয়নে লবিষ্ট নিয়োগ করেছিলাম। তার সুফলও পেয়েছিল বাংলাদেশ। আমরা করেছি জনগণের স্বার্থে। আর জোট সরকার করেছে ব্যক্তি স্বার্থে।
শেখ হাসিনা জোট সরকার আমলে ১৪ জন সাংবাদিক হত্যা এবং নির্যাতনের কথা তুলে ধরে বলেন, সরকারের অপশাসন ও সীমাহীন অত্যাচার নির্যাতন থেকে কেউই রেহাই পাচ্ছে না। আগামীতে ক্ষমতায় গেলে সুষ্ঠু সাংবাদিকতার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা ও পরিবেশ নিশ্চিত করা হবে বলে ঘোষণা দেন তিনি।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী সভাপতিত্ব করেন। বিএফইউজে মহাসচিব মঞ্জুরুল আহসান বুলবুল, ডিইউজে সভাপতি আলতাফ মাহমুদ ছাড়াও মোস্তাক আহমেদ (চট্টগ্রাম), এসএ মতিন (খুলনা), হাসান মিল্লাত (রাজশাহী), মাইনুল হক (যশোর), এএইচএম আখতারুজ্জামান (বগুড়া), সরৎ কুমার বক্সি (দিনাজপুর) এবং আতাউল করিম খোকন (ময়মনসিংহ) বক্তব্য রাখেন।
