শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র এবং শিক্ষকদের রাজনীতিতে নিরুৎসাহিত করতে কৌশলগত পরিকল্পনা কমিটির সুপারিশ পেশ
উচ্চশিক্ষার দীর্ঘ মেয়াদী কৌশলগত পরিকল্পনা রিপোর্টে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র এবং শিক্ষকদের রাজনীতিতে নিরুৎসাহিত করার জন্যে সরকারকে সুপারিশ করা হয়েছে।
এসংক্রান্ত রিপোর্ট প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিকট সোমবার উপস্থাপন করা হয়।
‘বাংলাদেশে উচ্চ শিক্ষার কৌশলগত পরিকল্পনা:২০০৬—--২০২৬’ রিপোর্ট এর প্রস্তুতকারী ১৭ সদস্যের বিশেষজ্ঞ কমিটি দেশে শিক্ষার মান নিশ্চিত করার জন্যেও সুপারিশ করেছে।
এ উপলক্ষে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সকলের প্রতি বিশেষ করে শিক্ষকদের প্রতিযোগিতামূলক বিশ্বে মানসম্পন্ন শিক্ষায় অবদান রাখার আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সকলের সহযোগিতায় এই সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে।
সুপারিশমালার অন্যতম দিক হচ্ছে দেশের সকল বিশ্ববিদ্যালয়কে একটি নীতিমালার আওতায় আনা।
রিপোর্টে আরো সুপারিশ করা হয়, ২০২৬ সাল নাগাদ দেশে অন্তত ২৮টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং উচ্চশিক্ষার মান বজায় রাখার জন্যে এক্রিডিক্রেশন কাউন্সিল গঠন করতে হবে।
অনুষ্ঠানে পরিকল্পনা কমিটির আহবায়ক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর এম আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক প্রধানমন্ত্রীর নিকট রিপোর্ট উপস্থাপন করেন।
