শিক্ষক ও ছাত্র রাজনীতি নিরুৎসাহিত করার প্রস্তাব প্রত্যাখ্যান
দেশে শিক্ষক ও ছাত্র রাজনীতি নিরুৎসাহিত করার প্রস্তাব দিয়ে উপস্থাপিত ২০ বছরের কৌশলগত পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ছাত্র ও শিক্ষক নেতৃবৃন্দ।
১৭ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি সোমবার ‘স্ট্রাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন ইন বাংলাদেশ ২০০৬-- ২০২৬’ শীর্ষক পরিকল্পনাপত্র প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে হস্তান্তর করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান এ প্রস্তাবের প্রতিক্রিয়া জানাতে বিডিনিউজকে বলেন, এ ধরনের প্রস্তাব দুঃখজনক। এ প্রস্তাব জাতিকে মেধাশূন্য করে তুলতে এবং স্বৈরতান্ত্রিক মানসিকতার বিকাশে সহায়ক হবে। কেননা বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের সূতিকাগার। এখানে ছাত্র-শিক্ষক নিরবচ্ছিন্ন এবং গণতান্ত্রিক প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকবে এটাই জাতির প্রত্যাশা।
তিনি আরো বলেন, এখানে ছাত্র-শিক্ষক সবাই যুক্তিতর্ক ও পারস্পরিক সম্মানবোধের মাধ্যমে তাদের মত ও দর্শণ পোষণ ও প্রচার করবে। আর সেটা যদি রাজনীতি হয়, তাহলে এ ধরণের রাজনীতি জাতি বিশ্ববিদ্যালয় থেকে আশা করে।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, এ ধরণের চাপিয়ে দেওয়া পশ্চাদপদ দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ তৈরির দর্শন এখানে টিকবে না।
ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল বিডিনিউজকে বলেন, ছাত্র রাজনীতি বন্ধের এ প্রস্তাবকে অভিনন্দন জানানো যায়না। যারাই এ প্রস্তাব দিক না কেন এটা অযৌক্তিক। সব গণতান্ত্রিক দেশেই ছাত্র রাজনীতি অপরিহার্য। ছাত্র রাজনীতির মাধ্যমেই নেতৃত্ব বিকাশ লাভ করে। যারা পরবর্তীতে দেশ পরিচালনা করবে।
তিনি আরও বলেন, শিক্ষক রাজনীতি বন্ধ করা প্রয়োজন। কারন শিক্ষকতা মহান পেশা। এ পেশায় থেকে রাজনৈতিক দলাদলি শিক্ষার পরিবেশকে নষ্ট করেছে।
হেলাল বলেন, যদি শিক্ষকরা রাজনীতি করতে চান তাহলে তারা এ পেশা ছেড়ে রাজনীতি করতে পারেন।
ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন বলেছেন, জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকাকে কখানোই ছোট করে দেখা যাবেনা। বাংলাদেশের ইতিহাসে বারবারই ছাত্র সমাজ তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। ছাত্র রাজনীতি বন্ধের প্রস্তাবকে ছাত্রসমাজ ধিক্কার জানায়।
তিনি আরো বলেন, যে মুহূর্তে শেখ হাসিনা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ছাত্রদের হাতে রাজনীতির নতুন দায়িত্ব তুলে দিয়েছেন সে মুহূর্তে এ ধরণের প্রস্তাব পূর্ব পরিকল্পিত।
