আওয়ামী লীগের বিরুদ্ধে পাল্টা লবিস্ট নিয়োগের অভিযোগ করলেন পররষ্ট্র মন্ত্রী, বিস্তারিত
দেশের ভাবমূর্তি ক্ষুণœ করতে এবং বাংলাদেশকে সারা বিশ্বের সামনে সন্ত্রাসী ও আল কায়দা রাষ্ট্র হিসেবে তুলে ধরতে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে বলে ক্ষমতাসীন সরকার সোমবার পাল্টা অভিযোগ করেছে।
তবে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে লবি নিয়োগের অভিযোগ করলেও তারা আওয়ামী লীগের মতো এ সম্পর্কিত কোনো দলিলপত্র গণমাধ্যমের কাছে এখন পর্যন্ত সরবরাহ করতে পারেনি।
সরকার দেশের ভাবমূর্তি তুলে ধরার নামে নিজেদের দুর্নীতি ও অপকর্ম ঢাকতে গোপনে লবিস্ট নিয়োগের মাধ্যমে জনগণের বিপুল অর্থের অপচয় করছে বলে আওয়ামী লীগের অভিযোগের মাত্র একদিন পর সোমবার পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান আওয়ামী লীগের বিরুদ্ধে এ অভিযাগ উত্থাপন করলেন।
পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, ইনস্টিটিউট অব পিস যেন বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থান শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে সে জন্যে আওয়ামী লীগ ২০০৫ সালের ২৬ আগস্ট মার্কিন লবিস্ট প্রতিষ্ঠান আলকালডে ফ্যা’কে নিয়োগ দেয়।
তিনি আরো জানান, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির বিষয়টি জাতিসংঘে উত্থাপনের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ড. কন্ডোলিৎসা রাইসের প্রতি আহ্বান জানাতে ১৬ জন মার্কিন সিনেটর ও কংগ্রেস সদস্যকে প্রভাবিত করতে মার্কিন লবিস্ট প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রী একজন সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেন, দেশের ভাবমূর্তি ধ্বংস করতে বিরোধী দল লবিস্ট নিয়োগ করেছে এবং আমরা তাদের অপপ্রচার রুখতে গিয়েছি। এর মধ্যে কোনটি দেশপ্রেম?
সরকারের ভাবমূর্তি নির্মাণ ও ইতিবাচক তথ্য তুলে ধরতে সরকার লবিস্ট প্রতিষ্ঠান ওয়াশিংটন গ্র“পের সাথে যে চুক্তি স্বাক্ষর করেছে, সে সম্পর্কিত দলিলপত্র বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী সোমবার সাংবাদিকদের রোববার দেখিয়েছেন।
নিজ কার্যালয়ে একদল সাংবাদিকের সাথে আলাপকালে মোরশেদ খান সরকারের লবিস্ট নিয়োগের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, একজন দায়িত্বশীল নেত্রীর অপপ্রচার এবং দেশের বিরূপ ও নেতিবাচক ভাবর্মূতি সৃষ্টির ষড়যন্ত্র মোকাবেলা করতে সরকার লবিস্ট প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে।
তিনি বলেন, বিভিন্ন ইস্যুর জন্যে লবিস্ট নিয়োগ মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতির অংশ ও এটি দেশটিতে আইনগতভাবেও বৈধ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে আমরা যে প্রচেষ্টা চালিয়েছি, তারই অংশ হিসেবে আমরা এটা করেছি। আমরা ব্যক্তিগতভাবে এটি করিনি ও এর জন্যে প্রচুর অর্থও ব্যয় করিনি। আওয়ামী লীগের নিজেদের লবিস্ট রয়েছে। নিজ নিজ স্বার্থ উদ্ধারের জন্যে এ অঞ্চলের প্রতিটি দেশের লবিস্ট প্রতিষ্ঠান রয়েছে।
লবিস্ট প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার সময় সরকার কেন বিষয়টি প্রকাশ করেনি সে সম্পর্কে প্রশ্ন করা হলে মোরশেদ খান বলেন, আপনারা তো আমাকে আগে জিজ্ঞাসা করেননি। কোন কিছু করতে হলে কি আওয়ামী লীগকে সবকিছু জানাতে হবে? তারা যদি এটা পার্লামেন্টে জানতে চাইতো, তাহলে আমরা তার জবাব দিতাম।
সাবের হোসেন চৌধুরী পরিবেশিত উপাত্ত সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর সাথে মিলিয়ন ডলারের বিষয় জড়িত নেই। ৭০ হাজার মার্কিন ডলার ব্যয় হয়নি। সবমিলিয়ে মাসে ৪৫ হাজার মার্কিন ডলার খরচ হয়েছে। পাশাপাশি আমরা ওয়াশিংটন ডিসি’র প্রেস মিনিস্টারের পদ অবলুপ্ত করেছি। এর ফলে আমাদের অর্থ উদ্বৃত্ত হয়েছে তা লবিস্ট নিয়োগের ক্ষেত্রে ব্যয় করছি।
রোববার এক সংবাদ সম্মেলনে বিষয়টির ব্যাপারে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি কেন তার জবাব দেওয়া থেকে বিরত থেকেছেন জানতে চাওয়া হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য একটি উদ্দেশ্যে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছিল।
লবিস্ট প্রতিষ্ঠান কেন বাংলাদেশে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফরের কেন আয়োজন করতে ব্যর্থ হয়েছে জানতে চাইলে মোরশেদ খান সরাসরি কোনো উত্তর দেননি। তবে তিনি বলেছেন, লবিস্ট প্রতিষ্ঠানের দায়িত্ব ছিল অপপ্রচার বন্ধ ও বাংলাদেশের ইতিবাচক ভাবর্মূতি বিনির্মাণে কাজ করা।
তিনি বলেন, এটি আদৌ ভয়ানক কোনো ব্যাপার নয়। ভাবমূর্তি বিনির্মাণে আমরা যে প্রয়াস চালিয়ে যাচ্ছি এটি তারই অংশ এবং আমি এটা অব্যাহত রাখবো।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রতিষ্ঠান দু’টি কোম্পানিকে নিয়োগ দিয়েছে। সরকার ছয় মাস তাদেরকে পরীক্ষামূলক পর্যায়ে রাখবে।
তিনি বলেন, আমরা তাদের নৈপূণ্য আবার মূল্যায়ন করবো। এ পর্যন্ত ক্যাপিটল হিলে আমাদের ভাবর্মূতির উন্নতি ঘটেছে।
গোপনে লবিস্ট নিয়োগ দেওয়ার কারণে সরকার তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে কিনা জানতে চাওয়া হলে পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান বলেন, একদমই না।
তিনি বলেন, দেশের জন্যে লবিস্ট নিয়োগ দেওয়া যদি কোনো দুর্নীতি হয় তাহলে আমি এ ধরনের দুর্নীতি করতে রাজি আছি এবং এ ধরনের দুর্নীতির কারণে শতবার অভিযুক্ত হতে প্রস্তুত আছি।
মোরশেদ খান বলেন, আওয়ামী লীগ সরকার তাদের ১৯৯৬--২০০১ শাসনামলে সময়ে ডিয়ারম্যান অ্যান্ড জোলা নামের প্রতিষ্ঠানকে লবিস্ট হিসেবে নিয়োগ দিয়েছিল।
পররাষ্ট্রমন্ত্রী তরুণ নেতা হিসেবে সাবের হোসেন চৌধুরীর মেধার প্রশংসা করেন। সাবের হোসেন তার কাছে ‘ভাতিজার’ মতো বলে মন্ত্রী উল্লেখ করেন। মন্ত্রী বলেন, অতীতে আমি তার (সাবের) বাবার সাথে রাজনীতি করেছি। সে যখন বড় হবে তখন সে আরো বেশি বুঝতে পারবে। সাবের হোসেন এর মধ্যে কোথায় দুর্নীতি পেল? প্রশ্ন করে তিনি সাংবাদিকদের কাছে তা জানতে চান।
