স্বাধীনতার ঘোষণাপত্র প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে: ব্যারিস্টার আমীর
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার দলিলটি প্রতিনিয়ত লঙ্ঘন এবং অবহেলা করা হচ্ছে। ঐতিহাসিক ওই দলিলের খসড়া প্রণেতা ব্যারিস্টার এম. আমীর--উল ইসলাম ১০ এপ্রিল সোমবার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিবস উদযাপনের প্রক্কালে রোববার একথা বলেন।
ঐতিহাসিক দিনটির স্মৃতিচারণ করতে গিয়ে এম. আমীর--উল ইসলাম বিডিনিউজকে বলেন, স্বাধীনতার ঘোষণাপত্র দেশের স্বাধীনতা এবং সংবিধানের একটি মৌলিক দলিল। স্বাধীনতা বিরোধী শক্তি প্রতিনিয়ত এ দলিলের লঙ্ঘন এবং অবহেলা করে যাচ্ছে।
১৯৭১ সালের ১০ এপ্রিল এ ঘোষণাপত্রটি গৃহীত হয় এবং ১৭ এপ্রিল মেহেরপর জেলার বৈদ্যনাথতলায় (পরবর্তীতে মুজিব নগর নামকরণ করা হয়) প্রবাসী বাংলাদেশ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে তা পাঠ করে শুনানো হয়।
আমীর--উল ইসলাম বলেন, ১৯৭২ সালের সংবিধানে স্বাধীনতার ঘোষণাপত্রের বিষয়টি সংযুক্ত করা হলেও পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সংবিধান থেকে তা প্রত্যাহার করা হয়।
স্বাধীন বাংলাদেশের এটিই প্রথম সাংবিধানিক দলিল যা পরবর্তীতে ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার সময় তা পুনরাবৃত্তি করা হয়েছে।
প্রখ্যাত বিচারক ব্যারিস্টার আমীর--উল ইসলাম বাংলাদেশের স্বাধীনতাকে মার্কিন যুক্তরাষ্ট্রর স্বাধীনতার সাথে তুলনা করে বলেন, বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশই কেবল স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করতে পেরেছে। এ ঘোষণাপত্রের গুরুত্ব অত্যন্ত বেশি। কোনও দানপত্রের মাধ্যমে আমরা স্বাধীনতা পাইনি। স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমেই তা অর্জিত হয়েছে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের চেয়ে পাকিস্তানের দুঃশাসন থেকে স্বাধীনতা লাভের বিষয়টি আলাদা।
স্বাধীনতা ঘোষণাপত্রকে বাংলাদেশের সংবিধানের উৎস হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মানুষের মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করাই ছিল এই ঘোষণাপত্রের মূল আদর্শ।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষণাপত্র অনুসারে দেশের জনগণই মৌলিক ও মানবিক অধিকার এবং সকল ক্ষমতার উৎস, অথচ তারা এখন স্বেচ্ছচারী শাসকের হাতে জিম্মি।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং জাতীয় সমন্বয় কমিটি দিবসটি পালন উপলক্ষে সোমবার বিলিয়া মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করবে।
