২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর রক্ষার দাবিতে ঢাকায় ৪ দিনব্যাপী পথসভা কর্মসূচি শুরু, নৌপরিবহন মন্ত্রীর বহিষ্কার দাবি

চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশীদের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ রোধে নৌপরিবহন মন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেনকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2006, 05:52 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

চট্টগ্রাম বন্দর রক্ষায় জনমত গঠনে ঢাকার বিভিন্ন স্থানে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের চারদিনব্যাপি পথসভা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার পরিষদ নেতারা এ দাবি জানান।

রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এ উদ্বোধনী পথসভা অনুষ্ঠিত হয়। 

পরিষদের ঢাকা কমিটির আহ্বায়ক জাসদ নেতা মাইনুদ্দিন খান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের আক্তারুজ্জামান, ওয়ার্কার্স পার্টির বিমল বিশ্বাস, আনিসুর রহমান মল্লিক, সাম্যবাদী দলের দিলীপ বড়–য়া, যুবলীগের আতাউর রহমান আতা, মহিউদ্দিন আহমেদ মহি, নূরুন্নবী চৌধুরী শাওন, শ্রমিক লীগের হাবিবুর রহমান আকন্দ, জাসদের করিম সিকদার ও বদিউল আলমসহ ১৪ দলের নেতারা।

এছাড়া শনিবার ঢাকার মহাখালী, তেজগাঁও, বিমানবন্দর, উত্তরা, বনানী বাজার, গুলশান গোল চত্ত্বর, মিরপুর গোল চত্ত্বর ও গাবতলী এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।

মাইনুদ্দিন খান বাদল বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক চট্টগ্রাম বন্দরকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। খালেদা--নিজামীর সরকার বিদেশীদের হাতে তুলে দিয়ে চট্টগ্রাম বন্দর গ্রাস করার চেষ্টা করছে। যে কোনো মূল্যে এ ধরনের অপচেষ্টা রুখতে হবে।

বিমল বিশ্বাস বলেন, সাম্রাজ্যবাদী গোষ্ঠী বিশ্বের বিভিন্ন দেশে তাদের ঘাঁটি গড়ে তাদের সম্পদ লুটপাট করছে। এখন তারা বাংলাদেশের চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। এর আগেও তাদের এ ধরনের অপচেষ্টা সফল হতে দেওয়া হয়নি। এবারো মহিউদ্দীন চৌধুরীর নেতৃত্বে এ ষড়যন্ত্র রুখবো।

দিলীপ বড়–য়া বলেন, জোট সরকার স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বিদেশীদের কাছে বিক্রি করে দিয়ে দেশকে দাসত্বের শৃঙ্খলে বাঁধতে চায়। ১৪ দলের চলমান আন্দোলনকে আরো গতিশীল করে সরকার পতনের মাধ্যমে এ চক্রান্ত রুখতে হবে।