২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমান সমুদ্রে জাহাজ আটকে রেখে চিনির কৃত্রিম সংকট তৈরি করেছে: আসাদুজ্জামান নূর এমপি

আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান নূর এমপি শুক্রবার বলেছেন, প্রধানমন্ত্রীপুত্র তারেক রহমানের সিন্ডিকেট চিনি আমদানি করে সমুদ্রে জাহাজ আটকে রেখে দেশে কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা লুটছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 05:49 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

তিনি বলেন, দেশের বা দেশের মানুষের প্রতি এই সরকারের ন্যূনতম দরদ নেই। সরকারের ব্যর্থতায় দেশের মানুষ বল্গাহীন দ্রব্যমূল্যের কারণে হা--পিত্যেস করছে, অভাবের তাড়নায় কেউ গলায় দড়ি দিচ্ছে। অপর দিকে দলীয়করণ, টেন্ডারবাজি আর লুটপাটের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ছে সরকারের মন্ত্রী-এমপিরা।

তিনি নীলফামারী শহরের উদয়ন বিদ্যাপীঠে পৌর আওয়ামী লীগের পক্ষে ত্রাণ বিতরণ ও রামনগর আওয়ামী লীগ আয়োজিত পৃথক দু’টি সমাবেশে বক্তৃতায় এ কথা বলেন।

আসাদুজ্জামান নূর আরো বলেন, আমাদের শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য এই জোট সরকারকে হঠাতে হবে। ভবিষ্যতে ১৪ দলের সরকার গঠিত হলে মানুষকে খাদ্যের জন্য আর হাত পাততে হবে না।

তিনি বলেন, আমাদের দেশে আগে আশ্বিণ--কার্তিক মাসে মঙ্গা হতো। জোট সরকারের আমলে এখন সারা বছর মঙ্গা হচ্ছে। মানুষ না খেয়ে থাকছে।