সংস্কারের প্রশ্নে শুধু দুই দলের মধ্যে আলোচনার উদ্যোগ দুঃখজনক: বি. চৌধুরী
বিকল্প ধারার সভাপতি, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, তত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রশ্নে শুধুমাত্র আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আলোচনার উদ্যোগ দুঃখজনক। জনগণ একটি ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন চায়। এ জন্য সংসদের ভেতরে ও বাইরের সকল দলের সাথে আলোচনার মাধ্যমে ওই সংস্কার করতে হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শুক্রবার এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সুলতান মামুনুর রশীদের নেতৃত্বে নওগাঁ জেলার বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিকল্প ধারায় যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নওগাঁ জেলা বিকল্প ধারার আহ্বায়ক আব্দুর রউফ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহাসচিব মেজর (অব:) আব্দুল মান্নান, জয়নাল আবেদীন জাহেদী, সাংসদ মাহী বি. চৌধুরী প্রমুখ।
অধ্যাপক বি. চৌধুরী বলেন, দেশের মানুষ আজ অভিশপ্ত জীবন যাপন করছে। এ দেশের মানুষ অত্যন্ত দেশপ্রেমিক। মানুষের এ অবস্থায় থাকার কথা নয়। কিন্তু যথাযথ নেতৃত্ব ও দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। রাজনীতিতে নেতা ও নীতির শুন্যতার পূরণের রাজনৈতিক কারণে বিকল্প ধারার জন্ম হয়েছে।
তিনি সরকারের ব্যর্থতার সমালোচনা করে বলেন, তারা সাধারণ মানুষের ন্যায্য দাবি পূরণ করতে পারে না। সার, বিদ্যুত ও পানির দাবি কোনো অযৌক্তিক দাবি নয়। দেশে কোনো জিনিষের দাম আর সস্তা নেই। সরকার জনগণের দাবি পূরণ করতে না পেরে তাদের ওপর অত্যাচার করছে। সাধারণ মানুষকে গুলি করে হত্যা করছে।
সাবেক রাষ্ট্রপতি বলেন, এ সরকার বিশ্বচোরা। আগের সরকারের তুলনায় এরা চারগুণ বেশি চোর। লুটেরা সরকার নিজেরাই জঙ্গিবাদের জন্ম দিয়ে এখন জঙ্গি দমনের কথা বলছে। সরকার যদি জঙ্গিদের নির্দেশদাতাদের গ্রেফতার, বিচার ও শাস্তির ব্যবস্থা করে, তবেই মানুষ তাদের কথা বিশ্বাস করবে।
