আব্দুল জলিলকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপিকে গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের উদ্দেশে তার ঢাকা ত্যাগ করার কথা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাতে বিডিনিউজকে জানান, উন্নত চিকিৎসার জন্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আব্দুল জলিলের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেখানকার এয়ার অ্যাম্বুলেন্সটি প্রথমে সন্ধ্যা ৬টা ও পরে রাত ৮টায় ঢাকায় পৌঁছার কথা ছিল। কিন্তু পরবর্তীতে সিডিউল পরিবর্তন হয়ে তা রাত ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা বলা হয়।
দলীয় সূত্র জানায়, আব্দুল জলিলের সঙ্গে তার স্ত্রী, আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল ও মার্কেন্টাইল ব্যাংকের একজন কর্মকর্তার যাওয়ার কথা।
আব্দুল জলিলকে বুধবার সন্ধ্যায় ঢাকার ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বৃহস্পতিবার সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত হয়।
সূত্র জানায়, আব্দুল জলিল শ্বাসকষ্ট, হৃদরোগ, ফুসফুস ও কিডনির সমস্যায় ভূগছেন। তবে তার শরীরে আগে থেকে লাগানো পেস মেকার ঠিকমতো কাজ করছে।
এদিকে বৃহস্পতিবার তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। তার শরীর থেকে বেশ কিছু পরিমাণ পানিও বের করা হয়।
দিনভর চিকিৎসার পর রাতে তার অবস্থার কিছুটা উন্নতি হলেও উন্নত চিকিৎসার জন্যে তাকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে বলেও সূত্র জানায়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে দেখতে বৃহস্পতিবার হাসপাতালের হাজার হাজার নেতা কর্মী সমর্থক, আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীরা হাসপাতালের ভিড় জমান। আওয়ামী লীগ ছাড়াও ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ তাকে দেখতে হাসপাতালে যান।
আওয়ামীলীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা দুপুরে ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে আব্দুল জলিলকে দেখতে যান। তিনি তার শয্যাপাশে কিছু সময় কাটান এবং স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তার সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, কাজী জাফরুল¬াহ এমপি, ওবায়দুল কাদের এবং সাবের হোসেন চৌধুরী।
এর আগে তিনি হাসপাতাল থেকেই সংস্কার ইস্যুতে বিএনপির কাছে দেওয়া দ্বিতীয় চিঠিতে সাক্ষর করেন।
