সংলাপে অনিশ্চয়তা: আ’লীগের ফিরতি চিঠি, জামাতকে এড়াতে শুধু ‘বিএনপি- আ.লীগ’ সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তাব, আপডেট
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ইস্যুতে আলোচনার ভবিষ্যত এখন অনিশ্চয়তার দিকে। সম্ভাব্য সংলাপে জামাতকে এড়াতে আওয়ামী লীগসহ ১৪ দলের সুষ্পষ্ট অবস্থান এবং ক্ষমতাসীন জোটের শরিকদের নিয়ে আলোচনা হবে মর্মে সরকারি দলের ঘোষণা পরিস্থিতিকে কিছুটা অনিশ্চিত করে তুলেছে।
স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের এড়াতে বৃহস্পতিবার ১৪ দলের পক্ষে আওয়ামী লীগ এবং সরকারি চারদলীয় জোটের পক্ষে শুধু বিএনপি’র প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ।
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার দ্বিতীয় চিঠির জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি’র পাঠানো চিঠিতে তিনি এই প্রস্তাব দেন।
উন্নত চিকিৎসার জন্যে সিঙ্গাপুর রওয়ানা হওয়ার কয়েক ঘন্টা আগে সন্ধ্যা ৬টায় আব্দুল জলিলের স্বাক্ষরিত চিঠি আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল মান্নান ভুঁইয়ার মিন্টু রোডের সরকারি বাসভবনে গিয়ে তার কাছে হস্তান্তর করেন।
প্রতিনিধি দলের সদস্যরা হচ্ছেন : আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, উপ--দপ্তর সম্পাদক বিএম মোজাম্মেল হক এবং কেন্দ্রীয় উপ--কমিটির সহ--সম্পাদক এসএম কামাল হোসেন।
চিঠিতে আব্দুল জলিল বলেন, ‘যথাশীঘ্র সম্ভব পত্রালাপ শেষ করে আলোচনায় বসা জরুরি বলে আমরা মনে করি’।
‘এছাড়া আলোচনার সুষ্ঠু পরিবেশের জন্যে জনগণের মতামত প্রকাশের অধিকারটি সমুন্নত রাখা আরও বেশি প্রয়োজন। আর সরকারের এই গণতান্ত্রিক আচরণ স্বাভাবিকভাবেই আমরা প্রত্যাশা করি।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবকে দেওয়া ফিরতি চিঠিতে বলেন, ‘চিঠিতে আপনি উভয় পক্ষ থেকে পাঁচজন সদস্য করে কমিটি গঠনের কথা বলেছেন। কিন্তু তাতে আপনাদের পক্ষে কারা থাকবেন, সে সম্পর্কে আপনি কিছুই বলেননি’।
আব্দুল জলিল চিঠিতে মান্নান ভুঁইয়াকে বলেন, ‘আপনি ভালভাবে জানেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ দেশে গভীর সংকট সৃষ্টি করেছে। বাংলাদেশের রাষ্ট্রীয় স্বত্ত্বা, জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্র বিরোধী এই রাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট’।
তিনি বলেন, ‘দেশের নির্বাচন ও রাজনীতিকে আমরা স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক শক্তির প্রভাবমুক্ত করতে চাই। তাই আলোচনায় এই সব বিতর্ক এড়াতে ও একটি সন্তোষজনক সমাধানে উপনীত হতে ১৪ দলের পক্ষে আওয়ামী লীগ ও চারদলের পক্ষে বিএনপির প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা যেতে পারে’।
চিঠির বক্তব্য বিবেচনায় নিয়ে যথাশীঘ্র উত্তর দিলে আওয়ামী লীগ যথাসত্বর নাম পাঠাতে প্রস্তুত বলে আব্দুল জলিল তার চিঠিতে উল্লেখ করেন।
আব্দুল জলিল মান্নান ভুঁইয়াকে বলেন, ‘গত ২২ মার্চের চিঠিতে ১৪ দল আয়োজিত সভা শোভাযাত্রাসহ রাজনৈতিক কর্মসূচিতে আপনার সরকারের বাধা দান, পুলিশি নির্যাতন, মামলা দায়ের ও হয়রানির বিষয়টি উল্লেখ করে বলতে চাই, আলোচনা বৈঠক আন্দোলনের কর্মসূচির বিকল্প নয়, বরং পরিপূরক’।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ১৪ দলের এক সভা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৪ দলের ড্রাফট কমিটির প্রস্তুতকৃত চিঠি অনুমোদন করা হয়।
জামাতে ইসলামীর সাথে আলোচনায় বসবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, আমরা ১৪ দলের রাজনীতিকে অক্ষুন্ন রেখে আলোচনায় বসব।
পরে আব্দুল জলিলের স্বাক্ষরের জন্য চূড়ান্ত পত্রটি নগরীর ল্যাব এইড কার্ডিয়াক সেন্টারে নিয়ে যাওয়া হয়। আওয়ামী লীগ প্রতিনিধি দল পরে জলিলের স্বাক্ষর করা চিঠি মান্নান ভুঁইয়ার কাছে হস্তান্তর করেন।
বিএনপি মহাসচিব আওয়ামী লীগ নেতাদের কাছে আব্দুল জলিলের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন এবং তার আশু রোগমুক্তি কামনা করেন।
চিঠি পাওয়ার পর তাৎক্ষণিক প্রক্রিয়ায় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মান্নান ভুঁইয়া সাংবাদিকদের বলেন, আমরা উভয়েই পৃথক জোটের প্রতিনিধিত্ব করছি। তাই সংস্কার প্রস্তাব সম্পর্কিত আলোচনায় জোটের শরিকরাও থাকবে, এটাই স্বাভাবিক।
তিনি আরও বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে এ ধরনের চিঠি আদান প্রদান ইতিবাচক। চিঠি আদান--প্রদান ও আলাপ আলোচনার মাধ্যমে আমাদের একটি সুষ্ঠু সমাধানে আসতে হবে।
চিঠির জবাব দিতে এর আগের মতো বিলম্ব হবে কিনা-- জানতে চাইলে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, আগে ইচ্ছা করে আমরা দেরি করিনি। আলাপ আলোচনার মাধ্যমেই এর জবাব দিতে হবে। এতে যতটুকু সময় লাগে, তাই লাগবে।
স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের সাথে আওয়ামী লীগসহ ১৪ দলের আলোচনায় অনীহা প্রসঙ্গে জানতে চাইলে মান্নান ভুঁইয়া বলেন, চিঠি গ্রহণ করেছি, কিন্তু এখনো খুলিনি। চিঠি খুলে এর ভেতরে কি আছে, তা দেখবো। এ বিষয়ে দলের নেত্রী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে কথা বলে যত দ্রুত সম্ভব, জবাব দেবো।
তবে আমরা যে যে জোটের প্রতিনিধিত্ব করছি, তার শরিকদেরও আলোচনায় থাকা উচিত, এটাই স্বাভাবিক -- মন্তব্য করেন তিনি।
সংস্কার ইস্যুতে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়া গত ২০ মার্চ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে প্রথম চিঠি দেন। ২২ মার্চ তার জবাব পাঠান জলিল। এর ৯ দিন পর ৩১ মার্চ মান্নান ভুঁইয়া তার দ্বিতীয় চিঠিটি পাঠান। চিঠি গ্রহণের পাঁচ দিন পর ৬ মার্চ এর জবাব দিল আওয়ামী লীগ।
