২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা: রিপন সভাপতি, রোটন সাধারণ সম্পাদক, শীর্ঘ্রই পূর্ণাঙ্গ কমিটি 

আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মাহমুদ হাসান রিপন ও মাহফুজুল হায়দার রোটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 07:16 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

ছাত্রলীগের জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে মঙ্গলবার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে ভোট গণনা শেষে বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের বিদায়ী সহ সভাপতি বলরাম পোদ্দার নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ছাত্রলীগের বিদায়ী সভাপতি লিয়াকত সিকদার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু ছাড়াও ছাত্রলীগের বিদায়ী  ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সভানেত্রী ও ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার ধানমণ্ডির কার্যালয়ে এই ভোট গণনা করা হয়। ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ফাইবার কাচের তৈরি স্বচ্ছ ব্যালট বাক্সে মঙ্গলবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

মাহমুদ হাসান রিপন ১০০৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান রিপন পেয়েছেন ৭৬৩ ভোট।

মাহফুজুল হায়দার রোটন ৬৬০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিবুল ইসলাম মিঠু পান ৩০৭ ভোট।

ছাত্রলীগের জাতীয় কাউন্সিলে মোট কাউন্সিলরের সংখ্যা ছিল ২,৪৭৬ জন। এর মধ্যে ২১০০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে বুধবার সকাল থেকেই হাজার হাজার নেতা কর্মী ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ের বাইরে অপেক্ষায় ছিল। দিনভর অপেক্ষার ভোট গণনা শেষে বিকেল পৌণে পাঁচটায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হলে বিজয়ীদের সমর্থকরা আনন্দে ফেটে পড়ে। মুষড়ে পড়ে প্রতিদ্বন্দ্বী বাকি ৪২ প্রার্থী ও তাদের সমর্থকরা।

নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রথমে মিছিল সহকারে যান ধানমণ্ডির বঙ্গবন্ধু জাদুঘরে। সেখানে রক্ষিত জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা।

নেতৃবৃন্দ পরে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সুধাসদনে সাক্ষাত করেন। ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী তাদের মিষ্টি মুখ করান এবং অভিনন্দন ও শুভ কামনা জানান।

এদিকে শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী এবারই প্রথম ছাত্রলীগের নেতৃত্বে বয়সসীমা ২৯ বছরে নির্ধারণ করে দেওয়া হয়। এই শর্তানুযায়ী ১৯৯৩ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরাই শুধু নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ পান। নতুন নিয়মে মনোনয়ন লাভে বঞ্চিতরা এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে ব্যাপক ভাংচুর চালায়। নতুন ও পুরাতন নেতাদের মধ্যে সংঘর্ষ এবং তীব্র উত্তেজনার মধ্যেও শেখ হাসিনার নির্দেশে দলের সিনিয়র নেতা ও সাবেক ছাত্রনেতাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। 

এদিকে ছবিসহ ভোটার আইডি কার্ড প্রণয়নের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ প্রক্রিয়াকে দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের কাউন্সিল পরিচালনার দায়িত্বে নিয়োজিত ‘ওকে কমিশন’ প্রধান ওবায়দুল কাদের।

বিডিনিউজ’র কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, ছাত্রলীগের কাউন্সিলে নেতা নির্বাচনের এই প্রক্রিয়া দেশের জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে একটি মডেল হতে পারে।

ওবায়দুল কাদের জানান, অল্প কয়েকদিনের মধ্যেই ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে। তবে সেক্ষেত্রে কোনো ভোট হবে না।

তিনি বলেন, আমাদের কাছে প্রায় ১২ শ’ আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত জমা আছে। এগুলোর পর্যালোচনা চলছে। পরে দলীয় প্রধান শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। ঢাকা মহানগর ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির নামও অবিলম্বে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন নেতৃত্বকে সার্বিক সহযোগিতার প্রতিশ্র“তি ব্যক্ত করে বলেন, আগামী দিনে ছাত্র সমাজের দাবি আদায় ও গণতান্ত্রিক আন্দোলন এবং জোট দু:শাসন থেকে জাতিকে বাঁচানোর ঐক্যবদ্ধ সংগ্রামে ছাত্রলীগের নতুন নেতৃত্ব সংগ্রামী ভূমিকা রাখতে সক্ষম হবে। 

এদিকে বঙ্গবন্ধু এভিনিউ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে বিজয়ীদের স্বাগত ও অভিনন্দন জানিয়ে মিছিল বের করা হয়।