টেন্ডারবাজি নিয়ে শিবির ও ছাত্রদল সংঘর্ষে আহত ৮
মহাখালী স্বাস্থ্যকেন্দ্রের দরপত্র নিয়ে জাতীয়তাবাদী ছাত্র ও ইসলামি ছাত্রশিবিরের দু’ গ্র“পের সংঘর্ষে ছাত্রদলের আট নেতাকর্মী আহত হয়েছে।
জোট সরকারের অন্যতম শরিক দল বিএনপি ও জামায়াতের ছাত্র সংগঠনের মধ্যে এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো সংঘর্ষের ঘটনা ঘটল।
সংঘর্ষে ছাত্রদলের আহত নেতাকর্মীরা হচ্ছে: রাসেল, নাসির আহমেদ, রেজাউল তালুকদার, খোরশেদ আলম, সোহরাব হোসেন, শহীদুল ইসলাম, রবিন ও ফয়সাল। তাদের সকলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, সকাল সাড়ে দশটার দিকে মহাখালী স্বাস্থ্যকেন্দ্রের দরপত্র দখল নিয়ে সংঘর্ষ বাঁধে। ছাত্রদলের নেতাকর্মীদের ওপর আমিনুল ইসলাম স্বপনের নেতৃত্বে ছাত্রশিবিরের ক্যাডাররা লাঠি, রামদা, লোহার রড ও অন্যান্য অস্ত্র নিয়ে হামলা চালায় এবং বেদম মারধর করে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু তারা কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে ২ এপ্রিল ছাত্রশিবিরের সাথে সংঘর্ষে যশোরের এমএম কলেজে ছাত্রদল ও ছাত্রলীগসহ অন্যান্য ছাত্র সংগঠনের কমপক্ষে ৫০ নেতাকর্মী আহত হয়।
