আরও ১০ শীর্ষ আমলার আদালত অবমাননার রায় সোমবার
বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করায় নতুন করে শীর্ষ দশ সরকারি আমলার বিরুদ্ধে রোববার আইনজীবীদের দায়ের করা আদালত অবমাননার অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন, বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তফাজ্জল ইসলাম ও বিচারপতি আমিরুল কবীর চৌধুরীর সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।
রাষ্ট্র বনাম মাসদার হোসেন মামলা নামে বহুল পরিচিত বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মামলায় রায়ে সুপ্রিম কোর্ট ১২ দফা নির্দেশনা প্রদান করে। সুপ্রিম কোর্টের নির্দেশনা না মানায় শীর্ষ দশ সরকারি আমলার বিরুদ্ধে মামলার ইন্টারভেনার ব্যারিস্টার আমির--উল ইসলাম ১ মার্চ আদালত অবমাননার অভিযোগ আনেন।
অভিযুক্ত সরকারি কর্মকর্তারা হলেন: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামালউদ্দিন সিদ্দিকী, আইন সচিব আলাউদ্দিন সরদার, সাবেক আইন সচিব মো. আসাদুজ্জামান ও এটিএম আফজাল হোসেন আহমেদ, সংস্থাপন সচিব মাহবুবুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম, স্বরাষ্ট্র সচিব ও সাবেক সংস্থাপন সচিব সফররাজ হোসেন, সাবেক সংস্থাপন সচিব আনোয়ারুল বর চৌধুরী, অর্থসচিব জাকির আহমেদ খান এবং সাবেক অর্থসচিব সিদ্দিকুর রহমান।
মামলার অপর ইন্টারভেনার ড. কামাল হোসেন রোববারের ডেইলি স্টারে প্রকাশিত একটি সংবাদের প্রতি আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। নভেম্বর ২০০৪ সাল থেকে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মামলায় আদালত অবমাননার দায়ে অভিযুক্ত আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হারুনর রশিদকে ঢাকা জেলা আদালতের যুগ্ম জেলা জজ নিযুক্ত করা হয়েছে সংবাদে প্রকাশিত হয়েছে।
দেশের সর্বোচ্চ আদালতের কাছে বিষয়টি উপস্থাপন করে তিনি এ ব্যাপারে রায় প্রদানের সময় বিষয়টি বিবেচনার আবেদন জানান।
সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়া সরকার নিু আদালতে বেশ কয়েকবার বিচারক নিয়োগ দিয়ে মাসদার হোসেন মামলায় আদালতের দেওয়া নির্দেশনা লঙ্ঘন করেছে বলে ব্যারিস্টার আমির--উল ইসলাম আদালতকে অবহিত করেন।
তিনি বলেন, আইনমন্ত্রী জানিয়েছেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ ২০১২ সালের আগে সম্ভব হবে না। এতে প্রমাণিত হয়, মাসদার হোসেন মামলার রায়ে আদালতের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে।
ব্যারিস্টার আমির--উল ইসলাম আদালতে বলেন, সুপ্রিম কোর্ট মাসদার হোসেন মামলার রায় বাস্তবায়নের লক্ষ্যে আদালত সরকারকে বেশ কয়েকবার সময় দিয়েছে, কিন্তু সরকার আদালতের নির্দেশনা মেনে চলেনি।
মাসদার হোসেন মামলার রায় বাস্তবায়ন না করায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আদেশ প্রদানের জন্যে তিনি আদেলতের কাছে আবেদন জানান।
অন্যদিকে অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী আদালতের কাছে বলেন, সরকার সুপ্রিম কোর্টের দেওয়া ১২ দফা নির্দেশনার বাস্তবায়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণে মন্ত্রিপরিষদ ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) বিল ২০০৬’ নামে একটি বিল অনুমোদন করেছে। বিল পাশের জন্যে জাতীয় সংসদে উত্থাপন করা হবে।
তিনি বলেন, সরকার সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে না, এ কথা সত্য নয়।
অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সরকার দু’টি আদেশ গঠন করেছে এবং অবশিষ্ট আরও দুটি আদেশ গঠনে ধীরে ধীরে কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে এ ব্যাপারে কোনও আদেশ জারি না করার জন্যে আদালতের কাছে আবেদন জানান।
অসুস্থতাজনিত কারণে আপিল বিভাগের বিচারক বিচারপতি ফজলুল করিম উপস্থিত না থাকায় সুপ্রিম কোর্ট ১ মার্চ মামলার শুনানি ২ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখে।
আদালত অবমাননায় অভিযুক্ত নয়জন উচ্চপদস্থ সরকারি আমলা শুনানি চলাকালে প্রধান বিচারপতির আদালতে সশরীরে উপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আদেশ বহাল থাকায় এবং আদালতে উপস্থিত না থাকার ব্যাপারে আদালত কোনও নির্দেশ না দেওয়ায় সোমবার তাদের সশরীরে আদালতে হাজির থাকতে হবে।
আদালত অবমাননায় অভিযুক্ত নয়জন হলেন: সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লোকমান হাকিম, বদরুল আলম তরফদার ও মো. আব্দুর রব হাওলাদার, উপসচিব মো. আবুল কালাম আজাদ চৌধুরী ও সিনিয়র সহকারী সচিব মো. খলিলুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শফিকুল ইসলাম তালুকদার ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হারুনুর রশিদ, মন্ত্রিপরিষদ উপসচিব মো. ফজলুল হক এবং অর্থসচিব একেএম মোতালেব হোসেন।
১২ দফা নির্দেশনা অনুসারে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের ব্যাপারে সরকার ২০০৫ সালের ২০ অক্টোবর চারমাসের সময় চাইলে সুপ্রিম কোর্ট তা প্রত্যাখান করে।
আদালতের নিদের্শনা অনুসারে বিচার বিভাগ পৃথকীকরণে সরকার মোট ২২ বার অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেছে।
আবেদনকারীদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুর রাজ্জাক ও ফিদা এম. কামাল। অভিযুক্ত আমলাদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. টিএইচ খান ও অ্যাড. খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ।
