২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩, ৪ এপ্রিল ছাত্রলীগের সম্মেলন: শুদ্ধি অভিযানে বাদ পড়ছেন অছাত্র, বয়স্ক নেতারা; নেতৃত্বে আসছেন তরুণরা

‘শুদ্ধি অভিযান’ চালিয়ে অছাত্র ও বয়স্ক নেতাদের বাদ দিয়ে তরুণ নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে দেশের প্রাচীন ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 04:32 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সম্মেলনে বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে ঢেলে সাজানো হবে ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনকে।

দু’ দিনব্যাপী ‘দ্বি - বার্ষিক’ সম্মেলনের সকল প্রস্ততি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের পরবর্তী নেতৃত্ব নিয়মিত ছাত্রদের মধ্যে রাখতে এর সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা বর্তমান নেতাদের একটি গাইডলাইন দিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে।

গাইডলাইন অনুযায়ী ১৯৯৩ সালের আগে যারা এসএসসি পাস করেছেন তারা কেন্দ্রীয় নেতৃত্বে আসতে পারবেন না।

এদিকে রোববার বিকেল ৩টায় আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত ছাত্রলীগের সাবেক ছাত্রনেতাদের মূলতবী সভা থেকেও শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯৩ সালে যারা এসএসসি পাস করেছেন তারাই প্রার্থী হতে পারবেন বলে জানানো হয়।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বলা হয়, শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী আগামী কাউন্সিলে ছাত্রলীগের নেতা নির্বাচনের ক্ষেত্রে ১৯৯৩ সাল ও তার পরবর্তী সময়ে যারা এসএসসি পাস করেছেন তারাই কেবল মাত্র প্রার্থী হতে পারবেন।

এর আগে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বয়সসীমা ১৯৯৫ সালের এসএসসি পাসকে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু যথা সময়ে কাউন্সিল অনুষ্ঠিত না হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বয়সসীমা দু’বছর বিবেচনা করে ১৯৯৩ সালের এসএসসি পাসকে নির্ধারণ করেছেন।     

এবারের সম্মেলনে বয়স্ক ও অছাত্র নেতারা বাদ পড়ছেন এমন খবর জানার পর ছাত্রলীগের বর্তমান কমিটির নেতাদের মধ্যে নেমে এসেছে হতাশা।

বার বার আওয়ামী লীগ নেতাদের কাছে বয়সের ব্যাপারে ছাড় দেওয়ার অনুরোধ করেও কোনো লাভ হয়নি।

তাদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এতদিন বিরোধী দলের রাজনীতি করলাম; আমাদের আর একবার অন্তত সুযোগ দেওয়া উচিত ছিল।

হতাশ হয়ে কেন্দ্রীয় নেতাদের অনেকেই রোববার মধুর ক্যান্টিনে আসেননি। আগের মত তারা প্রার্থী হিসেবে নিজের নাম লেখার জন্যেও আর সাংবাদিকদের অনুরোধ করছেন না। 

তবে নিয়মিত ছাত্রদের দিয়ে কেন্দ্রীয় কমিটি গঠনের বিষয়টিকে জুনিয়র নেতারা ‘শুদ্ধি অভিযান’ বলে অভিহিত করেছেন।

তারা বলছেন, নেত্রীর (হাসিনা) এ সিদ্ধান্ত সময়োপযোগী।

‘বর্তমান কেন্দ্রীয় নেতাদের অনেকেরই বয়স প্রায় ৪০ এর কোঠায়। বার বার তাদের দিয়ে কমিটি গঠন করায় সংগঠন গতিশীল হয়নি। তাদের মধ্যে অনেকেই ব্যবসাবাণিজ্য করেন। এ কারণে সাধারণ ছাত্রদের সাথে তাদের কোনো যোগসূত্র নেই,’ বললেন এক জুনিয়র ছাত্রলীগ নেতা।

জুনিয়ররা নেতা হওয়ার দৌঁড়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্র নেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন।

নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে এসএসসি পাসের সাল বেধে দেওয়ায় কারা নেতা হচ্ছেন তা স্পষ্ট নয়।

যারা আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন না, তারাই এখন কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নিজেদের ঘোষণা দিয়েছেন।

কেউই স্পষ্ট করে বলতে পারছেন না কারা হচ্ছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা। ইতোমধ্যে যারা সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নিজেদের ঘোষণা করেছেন তারা হলেন, শাহাদত হোসেন সুজন, মোক্তারুল হোসেন মিল্টন, মাজহারুল ইসলাম মানিক, আশরাফুর রহমান, অপর্না পাল, গাফফারি রাসেল, মিজানুর রহমান, সালেহীন, আবু সাঈদ, সুমন দাস প্রমুখ।