ছাত্রদলকে জিয়ার আদর্শের ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে: ছাত্রদলের প্রতিনিধি সভায় ড. খন্দকার মোশাররফ হোসেন
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন শনিবার ছাত্রদলের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে বলেছেন, আমেরিকার টুইন টাওয়ার, ইংল্যান্ডের পাতাল রেল ও ভারতের পার্লামেন্টে হামলার মূল নায়কদের তারা গ্রেপ্তার করতে না পারলেও আমরা মূল জঙ্গি নেতাদের গ্রেপ্তার করেছি।
তিনি ছাত্রদল নেতাকর্মীদের বিরোধী দলের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জিয়ার আদর্শের ভ্যানগার্ড হিসেবে এগিয়ে যাবার আহবান জানান।
এর আগে অনুষ্ঠানের শুভ সূচনা হয় সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বেলুন, ফেস্টুন ও কবুতর উড়ানোর মধ্য দিয়ে। এ সময় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দলীয় ও জাতীয় সঙ্গীত বাজানো হয়।
প্রতিনিধি সভায় ছাত্রদল নেতাকর্মীদের বক্তব্য শোনার পাশাপাশি তারেক রহমান বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে জনগণের সামনে বিএনপির উন্নয়ন ও অগ্রযাত্রাকে তুলে ধরার আহ্বান জানান।
ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারী হেলালের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডাক ও টেলিযোগ মন্ত্রী আমিনুল হক, শ্রম বিষয়ক প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান, ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, হুইপ রেজাউল বারী ডিনা, রাজশাহী সিটি মেয়ার মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক সাংসদ ফজলুল হক মনি, হারুনার রশিদ, সেলিম রেজা, আখতারুজ্জামান মিয়া, আবদুল মান্নান তালুকদার, সালেক চৌধুরী, আবদুল আলিম, নাদিম মোস্তফা। এছাড়া সভায় বিভিন্ন জেলার ছাত্রদলের ৪০ জন প্রতিনিধি বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু।
ছাত্রদল নেতাকর্মীদের ঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছেনা প্রতিনিধি সভায় এমন বক্তব্যের উত্তরে ড. খন্দকার মোশাররফ বলেন, ছাত্রদলের মূল্যায়ন না হলে ২৫ জন সংসদ সদস্য, পাঁচজন মন্ত্রী হতে পারতেন না। আগে যারা ছাত্রদল করেছেন তারা এখন জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ এদেশকে তালেবানি রাষ্ট্র বানাতে চেয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। এখন এসেছে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব নিয়ে। অতীতের তিনটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ায় তা দেশে - বিদেশে প্রশংসিত হয়েছে। তারপরও এ সংস্কার নিয়ে বিরোধী দল বিশৃংখলা সৃষ্টি করছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বলেন, আওয়ামী লীগের পক্ষে সন্ত্রাস, দূর্নীতি দমন সম্ভব নয়, কারণ তারা নিজেরাই এসবের মধ্যে জড়িয়ে আছে।
তিনি বলেন, তাদের সময় দেশে আইনের শাসন ছিলনা। তারা মুখে গণতন্ত্রের কথা বলতো। কিন্তু তারা যখন ক্ষমতায় ছিল তখন আমাদের বিভিন্ন কর্মসূচীর ওপর হামলা চালিয়েছিল। এই হলো তাদের গণতন্ত্রের নমুনা।
ছাত্রদল নেতাদের উদ্দেশে তিনি বলেন, আমি নই, তোমরাই হলে দেশের আশা ভরসা, তোমাদের যোগ্য হতে হবে, নেতৃত্ব দিতে হবে, আমি তোমাদের সৎ ও যোগ্য নেতা হিসেবে চাই।
এদিকে দুপুরে খাওয়ার বিরতির পর দ্বিতীয় সেশনের শুরুতে সামনের সারিতে বসা নিয়ে তারেক রহমানের উপস্থিতিতে ছাত্রনেতাদের মধ্যে হট্টগোল শুরু হয়। প্রায় ১৫ মিনিট পর কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অধিকাংশ প্রতিনিধি তাদের অগ্রগতির অন্তরায় হিসেবে বিএনপিকে দোষারোপ করেন। তারা দেশের কোন সমস্যা সম্পর্কে বক্তব্য রাখতে চাইলেই তাদের ধমকের সূরে থামিয়ে দেয়া হয়।
প্রতিনিধি সভায় উত্তরাঞ্চলের ১৯টি সাংগঠনিক শাখার ছয় হাজার ৪৪৫ জন প্রতিনিধি ছাড়াও, মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, কেন্দ্রীয় ছাত্রদলের বেশ কয়েকজন নেতা, ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
