আগামী নির্বাচনের আগেই বিএনপি ভেঙ্গে চুরমার হয়ে যাবে, ৩০টির বেশি আসন পাবে না : বি চৌধুরী
বিকল্প ধারা বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বিএনপির ভেতরে থাকা দেশপ্রেমিক রাজনীতিকরা আগামী নির্বাচনের আগেই বিকল্প ধারায় যোগ দেবে। বিএনপি ভেঙ্গে চুরমার হয়ে যাবে, বিকল্প ধারা শক্তিশালী হবে। আগামী নির্বাচনে বিএনপি ৩০টির বেশি আসনে জয়লাভ করতে পারবে না।
শনিবার মুক্তাঙ্গনে বিকল্প যুবধারা আয়োজিত প্রতীক অনশন কর্মসূচি শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দেশব্যাপী বিকল্প ধারা ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর বিএনপি ও জোট সরকারের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যুবধারার আহ্বায়ক এটিএম কামাল ও সদস্য সচিব ওয়াজেদ আলী চৌধুরীর নেতৃত্বে সংগঠনের শতাধিক নেতাকর্মী এ অনশনে অংশ নেন।
পরে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা সভাপতি অধ্যাপক বি চৌধুরী পানি পান করিয়ে যুব ধারার নেতাদের অনশন ভাঙ্গান।
এর আগে এটিএম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন বিকল্প ধারা মহাসচিব মেজর (অব:) আব্দুল মান্নান, যুগ্ম মহাসচিব ফিরোজ এম হাসান, সাংগঠনিক সম্পাদক সাংসদ মাহী বি চৌধুরী, আব্দুর রউফ মান্নান, আজমিরি রহমান সন্ধ্যা প্রমুখ।
অধ্যাপক বি চৌধুরী বলেন, দেশের মানুষ গ্যাস, পানি ও বিদ্যুৎ পায়না। অথচ তারা উন্নয়নের কথা বলে। দেশের মানুষের কোনো উন্নতি হয়নি, উন্নতি হয়েছে দুর্নীতির। এ সরকার লোভী, জুলুমবাজ ও ব্যর্থ সরকার। প্রতিটি ক্ষেত্রে সরকারের ব্যর্থতায় দেশের মানুষ ক্ষুব্ধ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে বিজয়ী হলে দেশকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন। এখন দেশকে দুর্নীতিমুক্ত করতে পারছেন না কেন? তারা এবার দুর্নীতির মাধ্যমে সবকিছু লুটেপুটে খেয়ে আগামীতে দেশকে দুর্নীতিম্ক্তু করতে চায়। কিন্তু দেশের মানুষ আপনাদের আর সেই সুযোগ দেবে না।
তিনি অবিলম্বে বিরোধী দলের সংস্কার প্রস্তাব মেনে নেয়ার দাবি জানিয়ে বলেন, বিকল্প ধারায় বিএনপির ৩০ জন সাংসদের যোগদানের সম্ভাবনার কথা শুনে প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু এ সংখ্যা এখন আর ৩০-এ নেই। দিনদিন এ সংখ্যা বেড়েই চলেছে। আগামী নির্বাচনের আগেই বিএনপি ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
